আমির হামজার প্রশ্নে টিপ্পনী, এমপিদের আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার প্রশ্নের সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের টিপ্পনী ও মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করে তিনি এ বিষয়ে রুলিং দেওয়ার অনুরোধ জানান। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ কেউ করবেন না। অন্য সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে জবাব দেওয়ার সুযোগও দেওয়া হবে।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর স্পিকার এসব কথা বলেন। 

এর আগে মাগরিবের বিরতির আগে সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত ৫৪৩ নম্বর প্রশ্ন উত্থাপন করেন জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। ডেপুটি স্পিকার তার নাম ঘোষণার পর সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যকে হইচই করতে দেখা যায়। মাইক ছাড়াও কয়েকজন মন্তব্য করেন। পরে আমির হামজার প্রশ্নের উত্তর দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এরপর আরেকটি সম্পূরক প্রশ্ন করেন আমির হামজা।

মাগরিবের বিরতির পর অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি আমাদের এই হাউজের ৩৫০ জন সংসদ সদস্যের গার্ডিয়ান। আমাদের মাননীয় সংসদ সদস্যদের সবার সম্মান রক্ষার বিষয়টি সবচেয়ে বেশি আপনিই দেখবেন এবং গার্ডিয়ান হিসেবে আমাদের নির্দেশনা দেবেন।’

আমির হামজার প্রসঙ্গ টেনে শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের একজন মাননীয় সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওয়ায়েজিন আমির হামজা সাহেব। প্রশ্নোত্তর পর্বে তার নাম উল্লেখ করে প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে তার সম্পর্কে মন্তব্য করেছেন এবং হাউজে যেভাবে শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।’

তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, এ পর্যন্ত আপনি সরকারি দল ও বিরোধী দল—উভয় পক্ষের সদস্যদের সম্মান সমানভাবে রক্ষা করেছেন। একজন সংসদ সদস্যের নাম উল্লেখ করে যেভাবে মন্তব্য করা হয়েছে, বিষয়টি আপনার দৃষ্টিতে আনতে চাই। আপনি এই হাউজের অভিভাবক হিসেবে এ বিষয়ে একটি রুলিং দেবেন, সেটাই প্রত্যাশা করছি।’

জবাবে স্পিকার বলেন, এই সংসদের ওপর জনগণের অনেক আস্থা রয়েছে। ১৫ বছরের দুঃসময় অতিক্রম করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। তার দেখা সাতটি সংসদের মধ্যে বর্তমান সংসদটি সবচেয়ে সুন্দরভাবে গঠিত এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত বলে মন্তব্য করেন তিনি।

স্পিকার বলেন, ‘এই সংসদে অনেক জ্ঞানী-গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন। এই সংসদের সবচেয়ে বড় মাহাত্ম্য হলো, এটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।’ 

বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, আগের ১৫ বছর ছিল অন্ধকার সময়। ওই সময়ে উভয় পক্ষের অনেক সংসদ সদস্য বিনা বিচারে কারাগারে সময় পার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্তরীণ ছিলেন। বিচার, খাবার ও চিকিৎসা পাননি। অনেক দুঃসময় অতিক্রম করে বর্তমান সংসদ গঠিত হয়েছে। 

স্পিকার বলেন, এখন জনগণের এই সংসদের ওপর অনেক আশা-ভরসা রয়েছে। সংসদের কার্যক্রম সাধারণ মানুষ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি দেখছেন। ফলে সংসদ সদস্যদের আচরণের ওপর ভিত্তি করেই তারা সংসদ সম্পর্কে ধারণা তৈরি করবেন। 

অতীতের সংসদগুলোর অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, ‘আমাদের অতীত দিনের রাজনীতি ক্লেদাক্ত। আমি যেসব সংসদে ছিলাম, সেখানে তুমুল গালাগালি, অশ্রাব্য কথাবার্তা হতো। এমনকি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে পেছন থেকে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা হয়েছে। এভাবে অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। আমরা এসব দিন পেছনে ফেলে যেতে চাই।’

তিনি বলেন, এমন একটি সংসদ গড়ে তুলতে চান, যার ওপর জনগণ নির্ভর করতে পারে। এ জন্য সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য—সবারই দায়িত্ব রয়েছে। 

স্পিকার বলেন, ‘আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনারা আমার চেয়ে কেউ কম বোঝেন না, বরং বেশি বোঝেন। সুতরাং, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না। একজন সদস্য যখন দাঁড়িয়ে কথা বলেন, তিনি যদি আপত্তিকর শব্দ বলে থাকেন, সেটি এক্সপাঞ্জ হবে। আর আপনাদের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হলে সেই সুযোগও দেওয়া হবে।’

সংসদ সদস্যদের আরও বেশি পরমতসহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যের বক্তব্য ধৈর্য ধরে শুনতে হবে। বাক্‌স্বাধীনতা নিয়ে সবাই গর্ব করেন। তাই কোনও সদস্যের মানসম্মান বিনষ্ট হয়, এমন আচরণ কেউ করবেন না। 

সম্প্রতি আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অডিও-ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন গত ৫ ও ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আমির হামজার বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ তুলে কিছু অডিও-ভিডিও তাঁর হাতে থাকার দাবি করেন। এসব উপকরণের সত্যতা যাচাই করেছেন বলেও দাবি করেন তিনি। এমনকি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিষয়টি আগে থেকেই জানতেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। 

অন্যদিকে, গত ১৩ নভেম্বর এক মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা অভিযোগ করেন, ছয় বছর আগের ঘটনা এবং অন্য ব্যক্তির কথোপকথনের অডিও তার নামে প্রচার করা হচ্ছে। সংসদীয় মনোনয়ন পাওয়ার পরই এসব বিষয় সামনে আনার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।