জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বেশিরভাগ কৃষককে ‘মূর্খ ও অশিক্ষিত’ বলে অভিহিত করেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তার এমন শব্দচয়নের আপত্তি জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। পরে চিফ হুইপের আপত্তি ও যুক্তি বিবেচনায় নিয়ে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি এক্সপাঞ্জ (বাদ) ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অনলাইনে আবেদন করে খাদ্য গুদামে ধান বিক্রির জটিলতা নিয়ে আলোচনা চলছিল। এ সময় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ। ফলে অনলাইনে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা এবং খাদ্য গুদামে ধান পৌঁছে দেওয়া সাধারণ কৃষকদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
এমপির এমন বক্তব্যের পরপরই সংসদ সদস্যদের ভাষা ও শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘আমাদের শব্দের ব্যাপারে খেয়াল রাখতে হবে (উই হ্যাভ টু গার্ড আওয়ার ল্যাঙ্গুয়েজেস)।’
চিফ হুইপ বলেন, গ্রামের অনেক কৃষক হয়তো প্রাতিষ্ঠানিক পড়াশোনা জানেন না কিংবা দাফতরিক কাগজপত্র বুঝতে তাদের সমস্যা হতে পারে। তবে দেশের অধিকাংশ কৃষক কোনোভাবেই ‘মূর্খ’ নন। এ সময় তিনি ডেপুটি স্পিকারের কাছে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেওয়ার (এক্সপাঞ্জ করার) অনুরোধ জানান।
চিফ হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শব্দটি এক্সপাঞ্জ করেন। তিনি বলেন, প্রশ্নের সারমর্ম অত্যন্ত যুক্তিসঙ্গত। পরে সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ ঘোষণা করেন তিনি।