গোলাপগঞ্জ ও সিলেটের বিয়ানীবাজারসহ দেশের প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু রয়েছে। এ ঋণের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৮৫ হাজার ৬৫ জন এ ঋণ সুবিধা নিয়েছেন। তৃতীয় পর্যায়ের ঋণ কর্মসূচি বাস্তবায়ন চলছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ঋণ কর্মসূচি চালু রেখেছে। ব্যাংকটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনে ঋণ সহায়তা দিয়ে আসছে।
তিনি জানান, বিদেশফেরত প্রবাসীদের মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিন পর্যায়ে মোট তিন হাজার কোটি টাকা প্রাক্-অর্থায়ন ঋণ দিয়েছে। প্রতি পর্যায়ে দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের পর তৃতীয় পর্যায়ের কর্মসূচি চলছে। এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন এ ঋণ সুবিধা নিয়েছেন। দুই পর্যায়ে মোট ৮৫ হাজার ৬৫ জন সুবিধাভোগী ঋণ পেয়েছেন।
এ ছাড়া সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, চিহ্নিত করা ও অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচিতে যোগ্য তরুণ উদ্যোক্তারা চাহিদা ও মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পেতে পারেন। অর্থাৎ ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রয়েছে। কর্মসূচিটি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ।
তিনি বলেন, এসব পুনঃঅর্থায়ন তহবিল এবং উদ্যোগ কর্মসূচি সারা দেশের জন্য প্রযোজ্য। ফলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রবাসফেরতরাও এসব কর্মসূচির আওতায় ঋণ ও অন্যান্য সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।