নতুন আইনে ব্যাংকে লুটপাটে ব্যক্তিকে দায়ী করার বিধান আছে, চলছে ৫ ব্যাংকে ফরেনসিক অডিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২০:১৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০:১৫

ব্যাংক খাতে লুটপাটের সঙ্গে জড়িত কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যদের আইনের আওতায় আনতে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আইনের আওতায় অপব্যবহার হওয়া তহবিলের জন্য দায়ী ব্যক্তিদের ব্যক্তিগতভাবে দায়ী করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি পাঁচটি ব্যাংকে বিশেষ ফরেনসিক অডিট এবং আরও তিনটি ব্যাংকে সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) করা হয়েছে।

সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রেজল্যুশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এর আইনি ভিত্তি হিসেবে প্রথমে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়। পরে ত্রয়োদশ জাতীয় সংসদে এটি ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ নামে কার্যকর করা হয়েছে।

তিনি জানান, এ আইনের ৫৩ ধারায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার বিধান রয়েছে। এর আওতায় নিয়ন্ত্রণকারী শেয়ারধারক, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্য, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, মুখ্য ব্যবস্থাপনা কর্মী এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনের ৫৮ ধারা অনুযায়ী, অপব্যবহার হওয়া তহবিলের জন্য চিহ্নিত ব্যক্তিরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। তাদের বিরুদ্ধে ব্যাংক রেজল্যুশন আইন ছাড়াও ফৌজদারি ও দেওয়ানিসহ অন্যান্য প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়া যাবে।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় থাকা পাঁচটি ব্যাংকে বিশেষ ফরেনসিক অডিট চলছে। ব্যাংকগুলো হলো—এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি। এ ছাড়া আরও তিনটি ব্যাংকের ওপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অডিট ফার্ম দিয়ে অ্যাসেট কোয়ালিটি রিভিউ সম্পন্ন করা হয়েছে। সম্প্রতি চারটি ফাইন্যান্স কোম্পানিকেও ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় রেজল্যুশন প্রক্রিয়ায় আনা হয়েছে।

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত ও অনিয়ম দূর করতে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১, অর্থঋণ আদালত আইন, ২০০৩, দেউলিয়া আইন, ১৯৯৭ এবং ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট (ডিএএমএ) প্রণয়ন বা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(১) ও ৪৮(১) ধারায় ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়। একই আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের মনোনীত ব্যক্তিদের পরিচালক ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে ওই ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করা হয়। পরে ২০২৫ সালের মার্চ, আগস্ট ও ডিসেম্বরে আরও পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়।

অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(২) ধারায় পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের দুই বছর মেয়াদসংক্রান্ত বিধান থেকে সাধারণভাবে সব ব্যাংক-কোম্পানিকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের বিষয়ে করণীয় নির্ধারণে কার্যক্রম চলমান রয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
এক কোম্পানির কাছে আটকে ৩ হাজার কোটি টাকার বিমা দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর
একই প্রতিষ্ঠানে সেন্ড মানির চার্জ অভিন্ন নয়, প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারণের নির্দেশনা
রাজস্ব ফাঁকি ধরতে এপিআইয়ে তথ্য মিলিয়ে এআই বিশ্লেষণের উদ্যোগ
সর্বশেষ খবর
চীনের যে ‘মিরাকল’ শহরে এখনও যাননি কোনও মার্কিন প্রেসিডেন্ট
চীনের যে ‘মিরাকল’ শহরে এখনও যাননি কোনও মার্কিন প্রেসিডেন্ট
আগামী বছরের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
আগামী বছরের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান
‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি জাতীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে’
‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি জাতীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে’
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল