মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে বিল সংসদে

মূল্য সংযোজন কর (ভ্যাট) আইনে তিন মাস পর পর (ত্রৈমাসিক) রিটার্ন বা দাখিলপত্র জমা দেওয়ার বিধান বাতিল করে আগের মতো প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমা দেওয়ার বিধান ফিরিয়ে আনতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। ত্রৈমাসিক রিটার্ন চালুর ফলে রাজস্ব আদায়ে প্রতিবন্ধকতা ও জটিলতা তৈরি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) বিলটি পাসের জন্য আবেদন জানাবেন।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি কর মেয়াদে বা প্রতি মাসে দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে তিন মাস বা তিন কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল। কিন্তু মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে পাওয়া লিখিত বক্তব্যে দেখা গেছে, ত্রৈমাসিক রিটার্ন চালুর ফলে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা ও জটিলতা তৈরি হচ্ছে।

বিলে এসব জটিলতার মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তিন মাস পর রিটার্ন জমা ও ভ্যাট পরিশোধের কারণে সরকারের তাৎক্ষণিক নগদ অর্থপ্রবাহে সংকট তৈরি হতে পারে। একই সঙ্গে একসঙ্গে বড় অঙ্কের ভ্যাট পরিশোধ করতে গিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন।

ইনপুট কর রেয়াত সমন্বয়ের ক্ষেত্রেও জটিলতার কথা বলা হয়েছে। তিন মাস পর রেয়াত সমন্বয় করতে গেলে ক্রেতা ও বিক্রেতার চালান শনাক্ত করা এবং রেয়াত দাবির সময়সীমা নির্ধারণ কঠিন হয়ে পড়তে পারে। এ ছাড়া ত্রৈমাসিক পদ্ধতিতে একটি ভুলের প্রভাব তিন মাসের লেনদেনের ওপর পড়বে, যা সংশোধন করতে বেশি সময় লাগবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, একসঙ্গে বিপুলসংখ্যক রিটার্ন জমা পড়লে সীমিত জনবল দিয়ে সেগুলো যাচাই ও নিরীক্ষা করা কঠিন হবে। যথাসময়ে কর জমা না হওয়ায় সুদ হিসাব এবং ই-চালান ব্যবস্থাপনাতেও জটিলতা তৈরি হতে পারে।

এসব পরিস্থিতি বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়। তবে তখন সংসদ অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়। এখন অধ্যাদেশকে আইনে পরিণত করতে বিলটি উত্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, সাধারণ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিরা কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের ক্ষেত্রে এ সময়সীমা হবে অনধিক ২০ দিন।

বিলে বলা হয়েছে, সংশোধনীটি ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ বিলটি পাস হলে ওই তারিখ থেকেই মাসিক বা প্রতি কর মেয়াদে রিটার্ন জমা দেওয়ার বিধান কার্যকর বলে বিবেচিত হবে।