কার্যতালিকায় উঠেও পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা হয়নি, বিরোধী দলের ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২২:২৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২:২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও কাঠামোগত সমস্যা নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনার জন্য দেওয়া নোটিশ কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলেও তা নিয়ে আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাদের অভিযোগ, দেশের অর্থনীতির অন্যতম প্রধান এই শিল্পের সংকট নিয়ে আলোচনার উদ্যোগ বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এ বিষয়ে আলোচনার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এ ক্ষোভ প্রকাশ করেন।

পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান গত ৯ নভেম্বর কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে সাধারণ আলোচনার নোটিশ জমা দেন। বৃহস্পতিবারের (১২ নভেম্বর) কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও অন্যান্য আলোচনার কারণে সময়ের স্বল্পতায় তা উত্থাপন করা সম্ভব হয়নি। পরে আলোচনার ভিত্তিতে রবিবার (১৫ নভেম্বর) বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করা হয় এবং সেদিনের কার্যতালিকায়ও রাখা হয়। তবে স্পিকার অধিবেশন স্থগিত করায় আলোচনা হয়নি। সোমবারের কার্যতালিকাতেও বিষয়টি রাখা হয়নি।

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে কিছুদিন ধরে অস্থিরতা চলছে। এ খাত ক্ষতিগ্রস্ত হলে গোটা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় নোটিশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমাদের একজন সদস্য জনাব নাজিবুর রহমান নোটিশ দিয়েছিলেন। এটি বৃহস্পতিবারের কার্যসূচিতে ছিল। ওই দিনের আরও আলোচনা থাকার কারণে সময় সংকুলান হবে না, এ জন্য আলাপ-আলোচনার ভিত্তিতে গতকালের জন্য এটা নির্ধারিত ছিল। যথারীতি কার্যসূচিতে এটা এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত একটা বক্তব্য ঘোষণা করে মাননীয় স্পিকার অধিবেশন স্থগিত করেছিলেন। আজকে বিকাল ৪টা ১৫ মিনিটে আবার দেখছি, এটা নেই।’

চলমান অধিবেশনে নোটিশটির ওপর আলোচনা হবে কি না, সে সুযোগ আছে কি না, জানতে চান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এ বিষয়ে ইতিবাচক উত্তর পেলে তাঁর আর কিছু বলার প্রয়োজন হবে না।

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বুধবার এ বিষয়ে আলোচনা হয়েছিল। সরকারি দলের চিফ হুইপ ও বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই রবিবার দিনটি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু স্পিকার অধিবেশন স্থগিত করায় সেদিন আলোচনা হয়নি।

তিনি বলেন, ‘আমি উনার (স্পিকারের) সঙ্গে একটু কমিউনিকেশন করে পরবর্তী সময়ে হয়তো এ বিষয়ে কিছু বলতে পারবো। আর আজকের কার্যতালিকায় এ বিষয়টা যেহেতু অন্তর্ভুক্ত নেই, স্পেসিফিক্যালি অ্যাড্রেস করার সুযোগ আজকে অন্তত নেই।’

এরপর বিরোধীদলীয় নেতা মঙ্গলবার (১৭ নভেম্বর) আলোচনার সুযোগ নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ‘আমরা আগামীকাল অন্তত এই সুযোগ থেকে কোনো অবস্থায় বঞ্চিত হতে চাই না। আপনার মাধ্যমে মাননীয় স্পিকারকেও আমরা অনুরোধ করবো, কালকে যেন এটা যেকোনও মূল্যে নিশ্চিত করা হয়। কারণ শেষের দিনটা কীভাবে শেষ হয়, সবাই জানি। সেদিন এটা আলোচনার কোনও সুযোগ নেই। কালকের দিনটাই একমাত্র দিন। আমরা সেই দিনের সুযোগের অপেক্ষায় আছি।’

এ সময় ডেপুটি স্পিকার বলেন, জাতীয় স্বার্থে সংসদের সব সদস্য কাজ করছেন।

এর আগে একই বিষয়ে পয়েন্ট অব অর্ডারে ক্ষোভ প্রকাশ করেন পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে আলোচনার বিষয়টি তিন দিন আগে কার্যতালিকায় ছিল। পরে জানানো হয়, রবিবার আলোচনা হবে। সেদিনও কার্যতালিকায় বিষয়টি থাকলেও আলোচনা হয়নি। সোমবারের কার্যতালিকাতেও বিষয়টি রাখা হয়নি।

তিনি বলেন, ‘গতকাল হঠাৎ করে ৭টা ৪৯ বা ৫০ যখন বাজে, তখন সংসদ ক্লোজ করে দেওয়া হলো, জাস্ট এটার আগমুহূর্তে। আজকে দেখলাম, আবার এটা আমাদের প্রসিডিউরের মধ্যে নেই।’

তৈরি পোশাকশিল্পের সংকট তুলে ধরে শফিকুল ইসলাম মাসুদ বলেন, এ খাত থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাদের সফর বাতিল হচ্ছে। তার দাবি, এতে দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ক্রয়াদেশ ভিয়েতনাম, ভারত ও নেপালে চলে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় বারবার আলোচনার কার্যতালিকা থেকে বাদ পড়ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘এটা তো সরকার দলেরই উচিত ছিল আলোচনায় নিয়ে আসা। সেখানে বিরোধী দল থেকে আমরা বারবার তোলার পরও আমরা এটা পাচ্ছি না কেন, মাননীয় স্পিকার? আমরা এই বৈষম্যের শিকার হব কেন?’

জবাবে ডেপুটি স্পিকার বলেন, নোটিশটির উদ্যোক্তা সংসদ সদস্য নাজিবুর রহমানের সঙ্গে তাদের কথা হয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। তিনি বলেন, ‘না, বৈষম্য না, আপনি বসুন। এই ১৪৭-এর ইনিশিয়েটর যিনি, মাননীয় সদস্য নাজিবুর রহমান সাহেবের সঙ্গেই আমাদের কথা হয়েছে। উই আর ওয়ার্কিং অন ইট।’

নোটিশে শিল্পের সংকট ও তিন বছরের কর্মপরিকল্পনার প্রস্তাব

নাজিবুর রহমানের নোটিশে বলা হয়েছে, দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। ফলে শিল্পটির স্থিতিশীলতার সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা জড়িত।

নোটিশে জ্বালানি সংকটে উৎপাদন সক্ষমতা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ ও নিম্নচাপ, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতায় কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। বিভিন্ন জরিপের বরাত দিয়ে নোটিশে দাবি করা হয়েছে, ২০২৬ সালের এপ্রিলে জ্বালানি সংকটের কারণে এ খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ কমে যায়। এতে আন্তর্জাতিক ক্রয়াদেশ কমা বা বাতিল হওয়া এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারার পরিস্থিতি তৈরি হয়েছে।

শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয়, কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তার দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে অসন্তোষ ও বিক্ষোভের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতা, মালিকদের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে ভারসাম্যপূর্ণ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য অতিরিক্ত তিন বছর সময় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সময়ের মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি।

এ ছাড়া শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়ার প্রতি সংবেদনশীল থেকে শিল্পাঞ্চলে উসকানি, নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে সরকার, শিল্পমালিক, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এসব বিষয়ে আগামী তিন বছরের জন্য সরকারের কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিয়ে সংসদে সাধারণ আলোচনার আহ্বান জানিয়েছেন নোটিশের উদ্যোক্তা।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে বিল সংসদে
সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
সর্বশেষ খবর
মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে বিল সংসদে
মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে বিল সংসদে
কাগজপত্র দেখতে বাস থামিয়ে ভেতরে মিললো দুই জিম্মি, সুপারভাইজার আটক
কাগজপত্র দেখতে বাস থামিয়ে ভেতরে মিললো দুই জিম্মি, সুপারভাইজার আটক
২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেফতার
২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেফতার
১৯ তলা আবাসিক ভবনের বুক চিরে ছুটে চলে ট্রেন
১৯ তলা আবাসিক ভবনের বুক চিরে ছুটে চলে ট্রেন
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল