স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের রফতানি বাজার ও ওষুধশিল্পে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন। বিশেষ করে মেধাস্বত্বের আন্তর্জাতিক বিধিবিধান কার্যকর হলে দেশীয় ওষুধ কোম্পানিগুলোর জেনেরিক ওষুধ উৎপাদন ও রফতানি ব্যাহত হতে পারে এবং ওষুধের উৎপাদন ব্যয় ও দাম বেড়ে যেতে পারে বলে মনে করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।
এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গত ১১ নভেম্বর জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে নোটিশ জমা দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা জেসমিন। নোটিশে এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রফতানি বাজার ও ওষুধশিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব এবং তা মোকাবিলায় প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়েছে।
নেটিশটি সোমবারের (১৬ নভেম্বর) কার্যতালিকায় থাকলেও তা সংসদে ওঠেনি। নোটিশে বলা হয়েছে, এলডিসিভুক্ত দেশগুলো জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), উন্নত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে বিশেষ সুবিধা পেয়ে থাকে। এসব সুবিধার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার, বিশ্ব বাণিজ্য সংস্থার বিশেষ সুবিধা, সহজ শর্তে বৈদেশিক সহায়তা ও ঋণ এবং কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা। এসব সুবিধা স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, রফতানি বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়তা করে।
নোটিশে বলা হয়েছে, এলডিসি হিসেবে বাংলাদেশ উন্নত দেশগুলোর কয়েকটি বাজারে শুল্কমুক্ত পণ্য রফতানির সুবিধা পেয়ে আসছে। আমদানির পরিমাণের ওপর নির্ধারিত কোটা না থাকায় তৈরি পোশাকসহ অন্যান্য রফতানি পণ্য আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম খরচে প্রতিযোগিতা করতে পারছে। এলডিসি থেকে উত্তরণের পর এসব সুবিধা হারালে রফতানি খাতে চাপ তৈরি হতে পারে।
ওষুধশিল্পের সম্ভাব্য প্রভাব তুলে ধরে নোটিশে বলা হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার মেধাস্বত্ববিষয়ক বাণিজ্য-সম্পর্কিত অধিকার (ট্রিপস) চুক্তির আওতায় এলডিসিভুক্ত দেশগুলো বিশেষ নমনীয়তা পেয়ে থাকে। এর ফলে বাংলাদেশ ওষুধের পেটেন্ট সুরক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করছে। এ সুবিধার আওতায় পেটেন্টধারী প্রতিষ্ঠানের অনুমতি বা রয়্যালটি প্রদান ছাড়াই নির্দিষ্ট শর্তে পেটেন্টকৃত ওষুধের জেনেরিক সংস্করণ উৎপাদনের সুযোগ রয়েছে।
নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এলডিসি থেকে উত্তরণের পর পেটেন্টকৃত ওষুধ ও উৎপাদনপ্রক্রিয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মেধাস্বত্ববিধি আরও কঠোরভাবে অনুসরণ করতে হবে। এতে পেটেন্টধারী প্রতিষ্ঠানের অনুমতি ও রয়্যালটি ছাড়া জেনেরিক ওষুধ উৎপাদন এবং রফতানির সুযোগ সীমিত হতে পারে। ফলে নতুন ওষুধের উৎপাদন ব্যয় বাড়বে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবার খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সুলতানা জেসমিনের নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে জেনেরিক ওষুধ উৎপাদনে শক্তিশালী অবস্থানে রয়েছে। এলডিসি উত্তরণের পর কোনো পেটেন্টকৃত ওষুধের জেনেরিক সংস্করণ উৎপাদনের আগে পেটেন্টের অবস্থা ও লাইসেন্সসংক্রান্ত শর্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে। এ জন্য ওষুধ কোম্পানিগুলোর পেটেন্ট অনুসন্ধান, উৎপাদনের আইনি স্বাধীনতা যাচাই, লাইসেন্স নিয়ে আলোচনা এবং আইনগত বাধ্যবাধকতা পালনের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
এ ছাড়া পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ও শিল্পনকশা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আদালত ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পেটেন্ট পরীক্ষা ও মেধাস্বত্বের অধিকার কার্যকর করার জন্য দক্ষ জনবল এবং প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন তিনি।
নোটিশে বিগত সরকারের এলডিসি উত্তরণের আবেদন নিয়েও সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, সময়োপযোগী সিদ্ধান্তের পরিবর্তে নিজেদের ব্যর্থতা আড়াল এবং সরকারকে সফল দেখাতে বিগত সরকার অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য-পরিসংখ্যান ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে এলডিসি উত্তরণের আবেদন করেছিল বলে অভিযোগ রয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি উত্তরণের নির্ধারিত তারিখ ছিল। তবে বর্তমান নির্বাচিত সরকারের উদ্যোগে গত ৩০ অক্টোবর উত্তরণের সময়সীমা পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে বাংলাদেশ কিছুটা অতিরিক্ত সময় পেলেও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া জরুরি বলে মনে করেন সংসদ সদস্য।
নোটিশের শেষাংশে বলা হয়েছে, এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে একটি সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। একই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় সংসদকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সুলতানা জেসমিন।