ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের বিরুদ্ধে দেশে নাশকতা এবং বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কৌশল গ্রহণের প্রস্তাব দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। এ লক্ষ্যে নিউইয়র্ক, লন্ডন, জেনেভা, প্যারিস, বার্লিন, টোকিও ও নয়াদিল্লিসহ গুরুত্বপূর্ণ রাজধানীতে জনসংযোগ প্রতিষ্ঠান, লবিং প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব করেছেন তিনি। একই সঙ্গে সরকারের পাশাপাশি সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের কথাও বলেছেন।
এ বিষয়ে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়ে গত ১১ নভেম্বর সংসদ সচিবের কাছে নোটিশ জমা দেন মীর আহমাদ বিনকাসেম। নোটিশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার সহযোগীদের বিরুদ্ধে দেশে নাশকতা এবং বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচারের অভিযোগ তুলে তা মোকাবিলায় সরকারের সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কার্যযতালিকায় থাকলেও আলোচনার জন্য নোটিশটি সংসদের বৈঠকে উত্থাপিত হয়নি।
নোটিশে অভিযোগ করা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশের অভ্যন্তরে ককটেল হামলা, অগ্নিসংযোগ, মিছিল ও নাশকতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে বিদেশে জনসংযোগ, লবিং ও আইনি প্রতিষ্ঠান নিয়োগ করে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করছে। এ কাজে লুণ্ঠিত ও পাচার করা অর্থ ব্যবহারের অভিযোগও করেছেন সংসদ সদস্য।
নোটিশে আরও বলা হয়েছে, আয়নাঘর, গুম, বিচারবহির্ভূত হত্যা, জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের জন্য দায়ী ব্যক্তিরাই জাতিসংঘের মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংসদীয় ফোরাম এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করছে বলে অভিযোগ রয়েছে। দেশের অভ্যন্তরে সৃষ্ট বিশৃঙ্খলাকে বিদেশে রাষ্ট্রীয় নিপীড়নের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।
সংসদ সদস্যের ভাষ্য, দেশে নাশকতা এবং বিদেশে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপনের এই কৌশলের লক্ষ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া ও ত্রয়োদশ জাতীয় সংসদকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করা। এ ধরনের অপপ্রচার মোকাবিলায় সরকারের প্রচলিত কূটনৈতিক উদ্যোগ যথেষ্ট নয় বলেও মনে করেন তিনি।
নোটিশে বলা হয়েছে, সরকার এ পর্যন্ত মূলত প্রচলিত কূটনৈতিক চ্যানেলের ওপর নির্ভর করেছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে আরও সক্রিয় ও সমন্বিত যোগাযোগ প্রয়োজন। নীরবতার সুযোগে অপপ্রচারকারীদের বক্তব্য আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠা পাওয়ার আশঙ্কা রয়েছে। পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনা, পাচার করা সম্পদ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার স্বার্থেও অপপ্রচারের কার্যকর জবাব দেওয়া জরুরি।
এ জন্য নিউইয়র্ক, লন্ডন, জেনেভা, প্যারিস, বার্লিন, টোকিও ও নয়াদিল্লিসহ গুরুত্বপূর্ণ রাজধানীতে শীর্ষস্থানীয় জনসংযোগ প্রতিষ্ঠান, লবিং প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব করেছেন মীর আহমাদ বিনকাসেম। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সমন্বয়ে অভিন্ন বার্তা-কাঠামো প্রণয়নের কথা বলেছেন তিনি।
নোটিশে আন্তর্জাতিক পরিসরে গুমের শিকার ব্যক্তিদের পরিবার, জুলাইয়ে নিহত ও আহতদের পরিবার এবং গোপন বন্দিশালা থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষ্য মর্যাদার সঙ্গে উপস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের কথাও বলা হয়েছে।
নোটিশের শেষাংশে বলা হয়েছে, বিষয়টির জাতীয় গুরুত্ব ও সময়-সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী আসন্ন অধিবেশনে জাতীয় সংসদে এ বিষয়ে আলোচনা করা প্রয়োজন।