দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি চিকিৎসাসেবা, মাতৃস্বাস্থ্য ও প্রসূতিসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম তার নির্বাচনি এলাকার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্যাথলজি সরঞ্জাম ও এক্স-রে মেশিন চালুর বর্তমান অবস্থা জানতে চান।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসাসেবা উন্নত করতে সরকার সবগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত ওষুধ এবং জরুরি রোগীদের জেলা পর্যায়ের হাসপাতালে স্থানান্তরের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সব জেলা ও উপজেলা হাসপাতাল থেকে আধুনিক চিকিৎসা সরঞ্জামের চাহিদা সংগ্রহ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, চাহিদা অনুযায়ী আধুনিক চিকিৎসা সরঞ্জাম বরাদ্দের লক্ষ্যে জেলার জন্য চারটি এবং উপজেলার জন্য আটটি প্রকল্প যাচাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুনর্গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।