সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বালু, চুনাপাথর ও কয়লাবাহী যানবাহন থেকে চাঁদা আদায়ের উৎসব চলছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেছেন, এক কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে একাধিক স্থানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া এ প্রবণতা এখনও চলছে।
জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায় বা হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তুলে ধরেন কামরুজ্জামান কামরুল। বিকাল সোয়া ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সম্পূরক প্রশ্নে কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের উৎসব চলছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে-সেখানে ইচ্ছামতো চাঁদা আদায় করা হতো। এখনও প্রতিবছর ব্যবসায়ীদের কাছ থেকে এভাবে অর্থ নেওয়া হচ্ছে। বালু, চুনাপাথর ও কয়লাবাহী যানবাহন থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে একাধিক জায়গায় চাঁদা আদায় করা হচ্ছে। এ ধরনের চাঁদা আদায় বন্ধে সরকার কোনও ব্যবস্থা নেবে কিনা, তা জানতে চান তিনি।
জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি স্বতন্ত্র সংস্থা। এ সংস্থার আওতাধীন যেসব ঘাট দিয়ে মানুষ পারাপারের সুযোগ রয়েছে, সেগুলো রাজস্ব আদায়ের লক্ষ্যে আইন মেনে নিয়মিত প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয়। নির্ধারিত হারে ইজারার অর্থ আদায় করা হয়। এটি একটি প্রতিষ্ঠিত ও স্বচ্ছ প্রক্রিয়া।
মন্ত্রী বলেন, ইজারা আদায়ের ক্ষেত্রে কোনও অন্যায়, অনিয়ম কিংবা নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ থাকলে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য করবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে চাঁদাবাজির কোনও সুযোগ নেই। তবে কোনও গোষ্ঠী ইজারা নিয়ে তার নামে ব্যবসায়ীদের হয়রানি করলে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে তা দমন ও নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।