অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের সমর্থন থাকলেও শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে দেশের অর্থনীতি অস্থিতিশীল করার চেষ্টা হলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পের সুরক্ষাও জরুরি। শিল্প রক্ষা পেলেই শ্রমিক বাঁচবে, শ্রমিকের অধিকারও সুরক্ষিত থাকবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের আন্দোলন করার অধিকার রয়েছে। তারা নানা সমস্যায় রয়েছেন, তাদের কষ্ট ও ন্যায্য দাবির বিষয়টি সরকার জানে। এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছে। তবে শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে কোনও পক্ষ দেশের অর্থনীতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘শ্রমিকের ন্যায্য দাবির সঙ্গে আমরা ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু শিল্পের সুরক্ষার বিষয়টিও শ্রমিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প রক্ষা পেলেই শ্রমিক বাঁচবে, শ্রমিকের অধিকার বাঁচবে।’

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে মন্ত্রী জানান, সরকার, মালিক ও শ্রমিক—এই তিন পক্ষের প্রতিনিধিদের নিয়ে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর ত্রিপক্ষীয় কমিটির বৈঠক হয়েছে। ১ নভেম্বর থেকে নতুন মজুরি বোর্ড কার্যকর হয়েছে। ডিসেম্বরের মধ্যে মজুরি পুনর্নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ মজুরি নির্ধারণ করা হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান থাকলেও নতুন শ্রম আইনে তা কমিয়ে তিন বছর করা হয়েছে। তবে শ্রমিকদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিন বছর পূর্ণ হওয়ার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। 

প্রতিমন্ত্রী জানান, মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, জীবনমান, মূল্যস্ফীতি, কাজের ধরন ও ঝুঁকি, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, আর্থসামাজিক পরিস্থিতি এবং মালিকদের ব্যবসায়িক সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে। 

তিনি বলেন, অতীতের মজুরি বোর্ডগুলোর সুপারিশ প্রণয়নে দীর্ঘ সময় লেগেছে। ২০১৩ সালের ৬ জুন গঠিত মজুরি বোর্ডের কাজ শেষ করতে পাঁচ মাস ১৫ দিন, ২০১৮ সালের ১৪ জানুয়ারি গঠিত বোর্ডের ২৪১ দিন এবং ২০২৩ সালের ৯ এপ্রিল গঠিত বোর্ডের ২৩১ দিন সময় লেগেছিল। এবার নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। 

শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সাকি বলেন, শ্রমিক অধ্যুষিত ছয়টি অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিক এলাকার শিশুদের কল্যাণে শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। ওএমএস কার্যক্রমের আওতা বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে জ্বালানি সরবরাহের বিষয়েও জ্বালানি মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা সরকারের অগ্রাধিকার। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সরকারের ওপর প্রায় ৪ বিলিয়ন ডলারের অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

পোশাকশিল্পের বিকাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকারও এ শিল্পের সুরক্ষা ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কাজ করছে। ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিল করা এবং চাঁদাবাজি বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানো হয়েছে। এর বেশি সময় বাড়ানোর সুযোগ নেই। তাই উত্তরণ-পরবর্তী সময়ে রফতানি প্রতিযোগিতা ধরে রাখতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। 

প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না’। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান সচল রাখার বিষয়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।