তৈরি পোশাকশিল্পের চলমান সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল, মালিক-শ্রমিক প্রতিনিধি ও কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান ধরে রাখতে শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব প্রস্তাব দেন।
ডা. শফিকুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির প্রাণ। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় ৮০ শতাংশ এ খাত থেকে আসে। বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয় এ শিল্প থেকে। এর পরেই রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।
শিল্প খাতের সংকটের প্রভাব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, তৈরি পোশাকশিল্পে বিপর্যয় দেখা দিলে শুধু উদ্যোক্তা ও মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবেন না, ব্যাংকিং খাতেও এর প্রভাব পড়বে। শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না। ব্যাংক কিস্তির টাকা ফেরত না পেলে অর্থের প্রবাহ বাধাগ্রস্ত হবে।
তিনি বলেন, ‘তারা যদি উৎপাদনে যেতে না পারেন অথবা উৎপাদন যদি টিকিয়ে রাখতে না পারেন, তাহলে শ্রমিকদের কোনোভাবেই তাদের প্রাপ্য দিতে পারবেন না। সেই ক্ষেত্রে লে-অফে যাবে। আবার সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে, ভাঙচুর হবে, অগ্নিসংযোগের আশঙ্কা তৈরি হবে। এতে মালিকের কী লাভ, শ্রমিকের কী লাভ, দেশের কী লাভ? এতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।’
শ্রমিকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বিপুলসংখ্যক শ্রমিক কাজ হারালে তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা কঠিন হবে। এতে সামাজিক অস্থিরতা বাড়বে এবং পুরো জাতিকে এর পরিণতি ভোগ করতে হবে। তাই এ খাতকে উপেক্ষা করার সুযোগ নেই।
তিনি বলেন, ‘সরকার যদি কোনো কারণে এই সেক্টরের সমস্যা সমাধানে এককভাবে ব্যর্থ হয়, তাহলে এটা দেশের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। আমরা এই বিপর্যয় থেকে বাঁচতে চাই। সরকার মানবে কি মানবে না, এটা সরকারের ব্যাপার। আমি আমার সহকর্মীর দেওয়া প্রস্তাবকে সমর্থন করছি।’
সমস্যা সমাধানে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এটা আমাদের সামগ্রিক দায়িত্ব। দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব। এই দায়িত্বের আওতায় সরকারি দল, বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে একটি ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এটা যখন হবে, তখন বাইরে থেকে যারা উসকানি দিচ্ছেন, প্ররোচনা করছেন, তারা একটা বার্তা পাবেন। এই বার্তাও অস্থিরতা প্রশমনে কার্যকর হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।’
জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মালিক-শ্রমিক সবার মধ্যে আস্থা ফিরিয়ে আনা জরুরি। বর্তমানে এ খাতে আস্থাহীনতার কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।
শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনার প্রস্তাব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্প দেশের প্রধান রফতানি খাত হওয়ায় এ খাতের শ্রমিকদের সহায়তায় সরকার সরাসরি আর্থিক দায়িত্ব নিতে পারে। পার্শ্ববর্তী দেশেও এ ধরনের চর্চা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের শিল্প মালিকরা যদি উৎপাদন বাড়াতে না পারেন, তারা যদি লাভের অঙ্কে না থাকেন, তাহলে এই শিল্প চলবে কেন এবং তারা চালাবেন কীভাবে? কাজেই তাদেরও বাঁচানো দরকার, আমাদের শ্রমিক বন্ধুদেরও বাঁচানো দরকার।’
মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সহায়তায় সরকারের প্রণোদনার প্রস্তাবটি বিবেচনা করা হলে সবাই মিলে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।