জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ২২:১০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২:১০

জ্বালানি সংকট, শ্রমিক অসন্তোষ ও কাঠামোগত দুর্বলতায় দেশের তৈরি পোশাকশিল্প বড় ধরনের সংকটে পড়েছে। গ্যাস ও বিদ্যুতের অভাবে গত আগস্ট-সেপ্টেম্বরে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা অর্ডার বাতিল করেছেন অথবা কমিয়ে দিয়েছেন। ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ ছিল এবং ৮৭ শতাংশ কারখানা সময়মতো পণ্য পাঠাতে পারেনি। গত ৬ মাসে এ খাতে ১৯ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, ব্যবসায়ী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও জ্বালানি বিশেষজ্ঞদের সমন্বয়ে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের সংকট, এর কারণ, প্রভাব ও উত্তরণের পথ নিয়ে আলোচনায় এসব প্রস্তাব রাখেন জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন।

নাজিবুর রহমান তার প্রস্তাবে বলেন, তৈরি পোশাকশিল্পের সংকটকে শুধু শ্রমিক অসন্তোষ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে দেশের রফতানি আয়, কর্মসংস্থান, শিল্পোৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতা সরাসরি জড়িত। এ খাতে প্রায় ৪০ লাখ মানুষ কাজ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ কোটি মানুষের জীবিকা এ শিল্পের ওপর নির্ভরশীল। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। বার্ষিক রফতানি আয় প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার। 

শ্রমিকদের পরিবার ছাড়াও টেক্সটাইল, পরিবহন, প্যাকেজিং, বন্দর, ব্যাংক এবং অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এ শিল্পের সঙ্গে যুক্ত। ফলে সংকট মোকাবিলায় সংসদের কার্যকর ভূমিকা প্রয়োজন বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

ছোট কারখানার দর-কষাকষির সুযোগ কম

নাজিবুর রহমানের প্রস্তাবে বলা হয়, দেশের তৈরি পোশাক রফতানির বড় অংশ ক্ষুদ্র ও মাঝারি কারখানার ওপর নির্ভরশীল। প্রায় ৬০ শতাংশ রফতানির সঙ্গে যুক্ত কারখানায় শ্রমিকসংখ্যা এক হাজারের নিচে। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে পণ্যের দাম নিয়ে দর-কষাকষি করতে পারে না। বড় ক্রেতারা যে দাম নির্ধারণ করে দেন, সেই দামেই তাদের অর্ডার নিতে হয়। জ্বালানি বা উৎপাদন ব্যয় বেড়ে গেলেও পণ্যের দাম বাড়ানোর সুযোগ থাকে না।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদার অন্যতম কারণ তুলনামূলক কম দাম ও শ্রম ব্যয়। কিন্তু কম দামের প্রতিযোগিতায় শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান উপেক্ষিত হলে এ প্রতিযোগিতা টেকসই হবে না। একদিকে শ্রমিকের অধিকার ও জীবনমান নিশ্চিত করতে হবে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দেশের পোশাকশিল্পের সক্ষমতাও ধরে রাখতে হবে।

এ জন্য সস্তা শ্রমের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদনশীলতা, প্রযুক্তি, দক্ষতা ও পণ্যের গুণগত মানের ভিত্তিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর পিছিয়ে যাওয়াকে এ ক্ষেত্রে সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়।

আগাম সতর্কতার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি

নাজিবুর রহমানের প্রস্তাবে দাবি করা হয়, তৈরি পোশাকশিল্পের বর্তমান সংকট অপ্রত্যাশিত ছিল না। বিরোধী দল কয়েক মাস আগেই সংসদে এ বিষয়ে সতর্ক করেছিল। গত ১৩ এপ্রিল বিজিএমইএ বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশ কমে যাওয়ার কথা জানিয়েছিল। ২২ এপ্রিল ব্যবসায়ী নেতারা সতর্ক করেছিলেন, বিদ্যুৎ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে অন্য দেশে অর্ডার সরিয়ে নিতে পারেন।

জুলাইয়ে শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকট আরও তীব্র হয়। ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে জরুরি আলোচনা করে বিরোধী দল। ওই সময় বিশেষজ্ঞ ও সংসদ সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের দাবিও জানানো হয়েছিল।

নাজিবুর রহমান প্রশ্ন তুলে বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর আবেদন, আগাম সতর্কতা এবং সংসদে বিরোধী দলের বক্তব্যের পরও কেন রফতানিমুখী শিল্পের জন্য কার্যকর জ্বালানি পরিকল্পনা নিশ্চিত করা যায়নি। সময়মতো ব্যবস্থা নিলে বর্তমান পরিস্থিতি অনেকাংশে এড়ানো সম্ভব হতো বলেও দাবি করা হয়।

৮৯ শতাংশ কারখানায় ক্রেতার আস্থা হারানোর ঝুঁকি

জামায়তের এই সংসদ সদস্যের প্রস্তাবে বলা হয়, বিকেএমইএর একটি জরিপের তথ্য তুলে ধরে বক্তব্যে বলা হয়, গত আগস্ট-সেপ্টেম্বরে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা অর্ডার বাতিল করেছেন অথবা কমিয়ে দিয়েছেন। ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ ছিল। ৮৭ শতাংশ কারখানা সময়মতো পণ্য পাঠাতে পারেনি। প্রায় ৬০ শতাংশ কারখানাকে ক্রেতাদের ছাড় দিতে হয়েছে। বিকল্প জ্বালানি ব্যবহারে অতিরিক্ত ব্যয় হয়েছে ৯২ শতাংশ কারখানার। ৮৯ শতাংশ কারখানা ক্রেতার আস্থা হারানোর ঝুঁকির কথা জানিয়েছে। প্রায় ৭ শতাংশ কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ করে বলা হয়, সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

প্রস্তাবে বলা হয়, আন্তর্জাতিক ক্রেতারা নির্ধারিত সময়ে পণ্য চান। বাংলাদেশে গ্যাসের চাপ নেই, বিদ্যুৎ নেই, ডিজেল পাওয়া যাচ্ছে না, এর সঙ্গে শ্রমিক অসন্তোষ যুক্ত হয়েছে। ফলে ক্রেতারা বাধ্য হয়ে অন্য দেশে অর্ডার সরিয়ে নিচ্ছেন। একবার ক্রেতার আস্থা হারালে শুধু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করলেই অর্ডার বা বাজার ফিরে পাওয়া যায় না।

ছয় মাসে কাজ হারিয়েছেন ১৯ হাজার শ্রমিক

শ্রমিকদের অধিকার ও মজুরি প্রসঙ্গে প্রস্তাবে বলা হয়, বেতন, বোনাস ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা মালিকের আইনগত দায়িত্ব। শ্রমিকের ন্যায্য পাওনা কোনো অনুগ্রহ নয়, এটি তাঁর অধিকার। একই সঙ্গে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপ্রয়োজনীয় বলপ্রয়োগ, নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনও গ্রহণযোগ্য নয়। শিল্পাঞ্চলে অরাজকতা নিয়ন্ত্রণ করতে হবে আইনানুগভাবে ও পেশাদারত্বের সঙ্গে।

প্রস্তাবে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে ২৫ দশমিক ১৮ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২৬ দশমিক ২০ শতাংশ। প্রায় ৯০ শতাংশ শ্রমিক মজুরির টাকায় সংসার চালাতে পারছেন না বলেও দাবি করা হয়। গত ছয় মাসে ১৯ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন।

নতুন মজুরি বোর্ডের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়। ডিসেম্বরে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার কথা থাকলেও মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ২৩ নভেম্বর থেকে আবার কাজ শুরুর খবরের উল্লেখ করা হয়। ওই দিন মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হলে সাত দিনের মধ্যে তা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব, মালিকপক্ষ কীভাবে অতিরিক্ত অর্থের সংস্থান করবে এবং এর ফলে কতটি কারখানা বন্ধ হতে পারে—সেসব প্রশ্নও তোলা হয়।

প্রস্তাবে বলা হয়, শুধু ন্যূনতম মজুরি ঘোষণা করলেই সংকটের সমাধান হবে না। কারখানায় গ্যাস-বিদ্যুৎ না থাকলে উৎপাদন হবে না, উৎপাদন না হলে আয় হবে না, আর আয় না হলে মালিকের পক্ষে শ্রমিকের বেতন দেওয়া সম্ভব হবে না। মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, পণ্যের বিক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও শিল্পের সক্ষমতা একসঙ্গে বিবেচনার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে ধাপে ধাপে মজুরি সমন্বয়ের কথা বলা হলেও শ্রমিকের অধিকার ও বাস্তব জীবনযাত্রার ব্যয় উপেক্ষা না করার ওপর জোর দেওয়া হয়।

পোশাকশিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিনির্ভর

দেশীয় শিল্প সক্ষমতার দুর্বলতা তুলে ধরে বক্তব্যে বলা হয়, তৈরি পোশাকশিল্পে বাংলাদেশ এখনো অনেকাংশে শুধু পোশাক তৈরির কাজ করছে। কাপড়, সুতা, ডাইংয়ের কাঁচামাল, যন্ত্রপাতি, এমনকি সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও সূচ পর্যন্ত বিদেশ থেকে আমদানি করতে হয়।

এত বছরেও পোশাকশিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশের দেশীয় উৎপাদন সক্ষমতা গড়ে না ওঠার কারণ জানতে চাওয়া হয়। গবেষণা ও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। শুধু পোশাক তৈরি নয়, এ শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রযুক্তি ও কাঁচামাল উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়।

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর সুযোগ কাজে লাগিয়ে বিদ্যমান বাজার ধরে রাখার পাশাপাশি নতুন বাজার তৈরির আহ্বান জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল করতে পারে—এমন দেশি-বিদেশি ষড়যন্ত্র ও পরিকল্পিত নাশকতার আশঙ্কা গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলা হয়।

শিল্পাঞ্চলে নাশকতা ও পুলিশি বাড়াবাড়ির অভিযোগ

শিল্পাঞ্চলের অস্থিতিশীলতা নিয়ে প্রস্তাবে অভিযোগ করা হয়, শ্রমিক আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢুকে নাশকতা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের ভেতরে আগের সরকারের প্রভাব রয়ে গেছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। কোথাও কোথাও অপ্রয়োজনীয় বলপ্রয়োগ ও শ্রমিক নির্যাতনের মাধ্যমে দেশকে বেকায়দায় ফেলার অভিযোগ ওঠার কথা উল্লেখ করে বলা হয়, এতে শ্রমিকের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রস্তাবে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে, তবে মানবাধিকার লঙ্ঘন করে নয়। রাজনৈতিক উদ্দেশ্যে কোনো গোষ্ঠী যেন শিল্পাঞ্চল অস্থিতিশীল করতে না পারে, আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।

সংকট মোকাবিলায় সাত দফা প্রস্তাব

তৈরি পোশাকশিল্পের সংকট থেকে উত্তরণে সরকারের কাছে সাত দফা প্রস্তাব তুলে ধরা হয়। এগুলো হলো—

১) সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠন: সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি, জ্বালানি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন। এই টাস্কফোর্স প্রতি মাসে অগ্রগতি পর্যালোচনা করে সংসদে প্রতিবেদন দেবে।

২) জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা: আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ প্রধান শিল্পাঞ্চলে রফতানিমুখী কারখানার জন্য অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। শিল্পাঞ্চলভিত্তিক সরবরাহের সময়সূচি প্রকাশ এবং লোডশেডিংয়ের ক্ষেত্রে স্বচ্ছ রোস্টার চালু করা।

৩) জরুরি আর্থিক সহায়তা: যেসব কারখানার হাতে আন্তর্জাতিক অর্ডার রয়েছে, কিন্তু কার্যকরী মূলধনের অভাবে উৎপাদন করতে পারছে না, তাদের লক্ষ্যভিত্তিক আর্থিক সহায়তা দেওয়া।

৪) শ্রমিকের অধিকার ও আইন প্রয়োগ: বকেয়া মজুরি ও বোনাস পরিশোধ, নিরাপদ কর্মপরিবেশ, অভিযোগ নিষ্পত্তি এবং মানবাধিকারসম্মত আইন প্রয়োগ নিশ্চিত করা।

৫) প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগ: পোশাকশিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ দেশে উৎপাদনের জন্য গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং স্থানীয় উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দেওয়া।

৬) বাণিজ্যিক সুবিধা ও রোডম্যাপ: বন্দর ও কাস্টমসে রফতানি চালান দ্রুত ছাড়, ক্রেতাদের বিলম্বিত পেমেন্টের বিপরীতে অর্থায়ন এবং ব্যাংকঋণ পুনঃতফসিলের স্বচ্ছ ব্যবস্থা করা। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধ এবং এলডিসি উত্তরণের অতিরিক্ত সময় কাজে লাগিয়ে নতুন বাজার, পণ্য বৈচিত্র্য, শ্রমমান ও দক্ষতা উন্নয়নের রোডম্যাপ সংসদে উপস্থাপন করা।

৭) জাতীয় ড্যাশবোর্ড প্রকাশ: জ্বালানি সরবরাহ, অর্ডার, উৎপাদন, কারখানা বন্ধ, কর্মসংস্থান এবং বকেয়া মজুরির তথ্য নিয়ে মাসিক জাতীয় ড্যাশবোর্ড প্রকাশ করা।

প্রস্তাবে আরও বলা হয়, শিল্প বাঁচলে কর্মসংস্থান বাঁচবে, উৎপাদন সচল থাকলে শ্রমিকের বেতন নিশ্চিত হবে এবং রফতানি বাড়লে দেশের বৈদেশিক মুদ্রা ও অর্থনীতি শক্তিশালী হবে। বিরোধী দল কয়েক মাস আগে যে সংকটের বিষয়ে সতর্ক করেছিল, এখন তার প্রভাব অর্ডার, উৎপাদন, কর্মসংস্থান ও শ্রমিকের জীবনে দৃশ্যমান। এখন দোষারোপ নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
পোশাকশিল্পের সংকট মোকাবিলায় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধী দলীয় নেতার
অর্থনীতি অস্থিতিশীলের চেষ্টা হলে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী সাকি
মজুরির প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: হাসনাত
সর্বশেষ খবর
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
রামিসা হত্যা মামলার রায়: দ্রুততম বিচারে অনন্য নজির
রামিসা হত্যা মামলার রায়: দ্রুততম বিচারে অনন্য নজির
দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক