ত্রৈমাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান বাতিল করে আগের মতো প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে রিটার্ন জমা দেওয়ার নিয়ম বহাল রাখতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। মাঠপর্যায়ে ত্রৈমাসিক রিটার্ন চালুর ফলে রাজস্ব আদায়, কর পরিশোধ, ইনপুট ট্যাক্স ক্রেডিট সমন্বয় ও অডিট কার্যক্রমে নানা জটিলতা তৈরি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিলটি পাসের জন্য সংসদে আবেদন জানান তিনি।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি কর মেয়াদে বা প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করে তিন মাস বা তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিধান করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে পাওয়া লিখিত বক্তব্যে দেখা গেছে, ত্রৈমাসিক রিটার্ন চালুর ফলে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা ও জটিলতা তৈরি হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, তিন মাস পর রিটার্ন ও ভ্যাট জমা দেওয়ায় সরকারের তাৎক্ষণিক নগদ অর্থের সংকট তৈরি হতে পারে। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবার একসঙ্গে বড় অঙ্কের ভ্যাট পরিশোধ করতে গিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন।
এ ছাড়া ইনপুট ট্যাক্স ক্রেডিট বা রেয়াত সমন্বয়ের ক্ষেত্রেও জটিলতার আশঙ্কা রয়েছে। তিন মাস পর রেয়াত সমন্বয় করতে গেলে ক্রেতা ও বিক্রেতার ইনভয়েস অনুসরণ এবং রেয়াত দাবির সময়সীমা জটিল হয়ে পড়বে। ত্রৈমাসিক পদ্ধতিতে একটি ভুলের প্রভাব তিন মাসের লেনদেনের ওপর পড়তে পারে, যা সংশোধন করতে সময় লাগবে।
বিলে আরও বলা হয়েছে, একসঙ্গে বেশি রিটার্ন জমা পড়লে সীমিত জনবল দিয়ে সেগুলো যাচাই বা অডিট করা কঠিন হবে। যথাসময়ে কর জমা না হওয়ায় সুদ হিসাবায়ন এবং এ-চালান মডিউলেও জটিলতা তৈরি হতে পারে।
এসব পরিস্থিতি বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়। তবে ওই সময় সংসদ অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। অধ্যাদেশটি আইনে রূপ দিতে বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত আইনে সাধারণ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিদের কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান রাখা হয়েছে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের ক্ষেত্রে এ সময়সীমা হবে কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিন।
বিলটি পাস হলে সংশোধনীগুলো ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।