আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০

গোপালগঞ্জে থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা হচ্ছে বলে তথ্য পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আর বসে থাকার সময় নেই। নিরীহ মানুষের জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একসময় ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ বর্তমান সরকার করবে না। ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা ধৈর্য ধরতে হলেও একজন নিরপরাধ মানুষ যেন গুলির শিকার না হন, সরকার তা নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায় কয়েক দিন ধরেই অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। সর্বশেষ একটি থানায় হামলার ঘটনা ঘটেছে। পুলিশের সদস্যরা আত্মরক্ষার্থে পিছু হটেছেন।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, মানুষের বাড়িঘরে আগুন ও লুটপাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব নাশকতার প্রতিকার করতে হবে। এ অবস্থায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরও কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের চরিত্র আবারও উন্মোচিত হয়েছে। দলটির নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে আগুন লাগানোর উসকানি দিচ্ছেন। সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা গত কয়েক দিনে এ ধরনের বার্তা দিচ্ছেন। কিন্তু সরকার তাদের কায়দায় চলতে চায় না।

তিনি বলেন, ‘আমরা আমাদের নীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন ধৈর্য ধরবো, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন গুলির শিকার না হন, তা নিশ্চিত করবো। জনগণ আর রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা দেখতে চায় না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ থানা বা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে।’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘এই দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে, টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেবো—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি সরকারের কাছে রয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’ গোপালগঞ্জের সাধারণ মানুষকে সীমান্তের ওপার থেকে আসা উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি গণহত্যা চালিয়ে রাজনৈতিক বৈধতা হারিয়েছে। তারা আর বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘যারা পালিয়ে আশ্রয় নিয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর হবে না। পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এর আগে আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় লুটপাট চালানো হবে, সেসব ঘোষণাও দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে সেখানকার অস্থিরতা বৃহত্তর অঞ্চলের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।’

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘বিষফোড়ার জীবাণু রক্তে চলে গেলে গোটা দেহে ছড়িয়ে পড়ে। এই জীবাণু রক্তে যাওয়ার আগেই বিষফোড়াকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে।’

নিরীহ মানুষের জীবন, সম্পদ, রাষ্ট্রীয় স্থাপনা ও জনবল সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতা মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণ এবং দলটির নেতাকর্মীদের চাঙা রাখার কৌশল। ডিসেম্বরের রাজনৈতিক তৎপরতা নিয়ে দেওয়া বক্তব্যের দৃষ্টি অন্যদিকে সরাতেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে সরকার দায়িত্ব নিয়েছে। বর্তমান সরকার রাতারাতি এসব সমস্যার সমাধান করতে পারবে না। ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি। কোনও ফর্মে ওই ফ্যাসিস্টের ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে আমরা সবাই এক হয়ে তার বিরুদ্ধে থাকবো।’

 

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
ভ্যাট রিটার্ন দাখিলে আগের বিধান বহালে সংসদে বিল
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
শ্রমিক অসন্তোষে আ.লীগের উসকানি, নৈরাজ্য ঠেকাতে ধৈর্য ধরছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ভ্যাট রিটার্ন দাখিলে আগের বিধান বহালে সংসদে বিল
ভ্যাট রিটার্ন দাখিলে আগের বিধান বহালে সংসদে বিল
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
যৌথবাহিনীর অভিযানের মধ্যেই খুলনায় ব্যবসায়ীসহ দুজনকে গুলি, হাসপাতালে ভর্তি
যৌথবাহিনীর অভিযানের মধ্যেই খুলনায় ব্যবসায়ীসহ দুজনকে গুলি, হাসপাতালে ভর্তি
পোশাক খাতের অস্থিরতা কাটবে কবে?
পোশাক খাতের অস্থিরতা কাটবে কবে?
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক