নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ২২:৫২ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২:৫২

গোপালগঞ্জে ধারাবাহিক অস্থিরতা ও নাশকতার ঘটনা ঘটছে অভিযোগ করে আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে আর বসে বসে দেখার সময় নেই। নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেওয়ার আগে তিনি গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমি নির্ধারিত আলোচনায় যাওয়ার আগে এইমাত্র অবহিত হওয়া একটি উদ্বেগজনক বিষয় এই সংসদের সামনে আনা জরুরি মনে করছি। গত কয়েক দিন ধরেই বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা, সেই জেলায় অনেক অস্থিরতা, নাশকতা এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আজকে সেই জেলারই একটি থানা টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, আক্রমণ, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটপাট করা হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটে গেছে।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনও সোর্সের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে জানিয়েছেন, তিনিও এ ধরনের ঘটনা শুনেছেন। গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, সেখানে কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে।

বিরোধীদলীয় নেতা বলেন, এ বিষয়ে সরকারের পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। তিনজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। এর বাইরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।

গোপালগঞ্জের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এ জেলার ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে দেশের একটি বৃহৎ অংশ ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত এবং রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনা রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার দাবি করে তিনি বলেন, আমাদের কাছে এ রকম তথ্যও আছে, আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করি, সরকারের কাছে এ তথ্য থাকবে। যদি না থাকে এবং বাস্তবে যদি এমন কিছু না হয়, তাহলে খুবই ভালো। তারা আগেই ঘোষণা দিয়েছে কার কার বাড়িতে আগুন দেবে, কোথায় কোথায় আগুন দেবে, কোথায় লুটতরাজ হবে।

এ বিষয়ে সরকার ও সংসদকে অবহিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা জাতিকে জানানো প্রয়োজন।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, এটা ধারণা করার কোনো কারণ নেই যে, বিষফোঁড়া এক জায়গায় থাকবে। আমি একজন ক্ষুদ্র চিকিৎসক হিসেবে জানি, এই বিষফোঁড়ার জীবাণু যখন রক্তে চলে যায়, তখন গোটা দেহে ছড়িয়ে পড়ে। এই জীবাণু রক্তে যাওয়ার আগেই বিষফোঁড়াকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে।

তিনি বলেন, গোপালগঞ্জে বহু নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ বসবাস করেন। তাদের রক্ষা করা সরকার ও সবার সম্মিলিত দায়িত্ব। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা দেশকে ভালোবাসে না বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিশৃঙ্খলা যারা সৃষ্টি করছে, দেশকে ভালোবাসলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করতে পারে না, মানুষের জীবন কেড়ে নিতে পারে না। এভাবে ব্যাপকভাবে ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। এ বিষয়ে আর বসে বসে দেখার সময় নেই। এর প্রতিকার অবশ্যই হতে হবে। এর প্রতিকার চাই।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: জামায়াত সেক্রেটারি
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল
পোশাকশিল্পের সংকট মোকাবিলায় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধী দলীয় নেতার
সর্বশেষ খবর
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক