‘মজলুমদের সংসদে লুকোচুরি চলবে না’, মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি শফিকুর রহমানের

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে অতীতে কোনও চুক্তি হয়ে থাকলে তা আগামী সংসদ অধিবেশনে প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক অনেক চুক্তি সম্পাদিত হলেও সেগুলোর বিষয়বস্তু জনগণ জানতে পারেনি। এখন একটি নির্বাচিত সংসদ। এই সংসদে লুকোচুরি চলতে পারে না।

বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের এই সংসদ আমরা বারবারই বলে আসছি, এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী সংসদ, সন্ত্রাসবিরোধী সংসদ, আধিপত্যবাদবিরোধী সংসদ। এই সংসদের প্রতিষ্ঠা কমপক্ষে ১ হাজার ৪০০ শহীদের তাজা রক্তের ওপর। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি।’

তিনি বলেন, সাড়ে ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, কাস্টডিয়াল টর্চার ও আয়নাঘরের মতো ঘটনার শিকার হয়েছেন। অজানা জায়গায় গুম হয়ে এখনো অনেকে ফিরে আসেননি। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার স্বামী সিলেটের জনপ্রিয় জননেতা ও সংসদ সদস্য ইলিয়াস আলীর খোঁজ আজও তার পরিবার, সহকর্মী, দল ও বন্ধুবান্ধব কেউ জানেন না। শুধু ইলিয়াস আলী নন, এ রকম হাজারও মানুষের খোঁজ তাদের পরিবার এখনও পায়নি। তারা জীবিত না মৃত, সেটিও জানেন না স্বজনরা।

সংসদ অধিবেশন চলাকালে দেশের বিভিন্ন স্থানে নাশকতার প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে সারা দেশে পতিত ও পলাতক দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতা দেখা যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরকারের পদক্ষেপ, দৃশ্যমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সংসদে তুলে ধরার প্রত্যাশা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিলেও তা স্পষ্ট হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি না, আসলে আমাদের নীতি ও কৌশল কী।’

মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে নিজের নোটিশের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করতে হয় এবং রাষ্ট্রপতির মাধ্যমে তা সংসদে উপস্থাপনের বিধান রয়েছে। জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে উপস্থাপন করা যাবে।

তিনি বলেন, অতীতে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক অনেক চুক্তি সম্পাদিত হলেও সেসব চুক্তির বিষয়বস্তু জাতি জানতে পারেনি। এ নিয়ে অনেক লুকোচুরি হয়েছে। কিন্তু এখন একটি নির্বাচিত সংসদ। এই সংসদে লুকোচুরি চলুক, তা তারা চান না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ওই সফরে মাতারবাড়ি প্রকল্প নিয়ে কোনও আলোচনা বা চুক্তি হয়েছিল কি না, তা তিনি এখন জানতে চাইছেন না। তবে এ ধরনের কোনও চুক্তি হয়ে থাকলে আগামী সংসদ অধিবেশনে তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

তিনি বলেন, ‘মাতারবাড়ি সংক্রান্ত কোনও চুক্তি অতীতেও হয়ে থাকলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করব, আগামী সংসদে এ সংক্রান্ত যাবতীয় বিষয় তুলে ধরা হোক।’