মালদ্বীপের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদকে জাতীয় সংসদের আগামী অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এই দ্বিপক্ষীয় বন্ধনকে এগিয়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।
তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে অভিন্ন সংস্কৃতির বন্ধন রয়েছে। মুসলিম ভ্রাতৃত্ববোধ দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে। এ সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং সংসদীয় পর্যায়ে দ্বিপক্ষীয় সফর বিনিময় গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের অধিকাংশ নেতা জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রকামী জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদে নারী সংসদ সদস্যরা অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও তাদের অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সংস্কৃতির সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটনশিল্পের বিকাশ এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।