রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে হুথিদের হামলা, নিন্দা জানালো বাংলাদেশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের টাওয়ার পিআইএফ-এ বৃহস্পতিবার হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।  

এতে বলা হয়, বাংলাদেশ মনে করে, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। একইসঙ্গে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকেও তা বাধাগ্রস্ত করে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এ ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানায় বাংলাদেশ।