আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, ন্যায়বিচার শুধু আদালতের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ রায় বাস্তবায়ন, জবাবদিহি নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।
শুক্রবার রাতে ইউএনজিএ সভাপতির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে এ মন্তব্য করেন ড. খলিলুর রহমান।
পোস্টে তিনি বলেন, এর আগে বহুবার তিনি শরণার্থী শিবিরগুলোতে গেছেন। পরিবারগুলোর আশ্রয়কেন্দ্রে বসে তাদের কথা শুনেছেন এবং নিজ ভূমিতে ফিরে যাওয়ার আশার কথা জেনেছেন।
ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। বেঁচে যাওয়া রোহিঙ্গাদের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। তারা যে নৃশংসতার শিকার হয়েছেন, তা এখন জাতিসংঘের সর্বোচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে।
তিনি বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই এই রায় বাস্তবায়ন করতে হবে। জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ করে দিতে হবে।’
রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ড. খলিলুর রহমান বলেন, ‘আমি আজ এখানে রোহিঙ্গা জনগণের পাশে দাঁড়াতে এসেছি এবং তাদের আশ্বস্ত করতে চাই যে, আমি তাদের কণ্ঠস্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পৌঁছে দেবো।’