দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়: ববি হাজ্জাজ

ঢাকা-১৩ সংসদীয় আসনে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বিএনপি, এনডিএম কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা অপরাধে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনও রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ের বিএনপি বাজার এবং আশপাশের এলাকা পরিদর্শন  করেন তিনি।

এ সময় বাজারের ব্যবসায়ী, মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন প্রতিমন্ত্রী। পরে আগারগাঁও নতুন রাস্তা এবং শেরেবাংলা নগর থানার সামনের নগর বস্তি এলাকার সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

বিএনপি বাজার পরিদর্শনকালে ববি হাজ্জাজ বলেন, বাজার কমিটির তথ্য অনুযায়ী, এখানে প্রায় ৪৯১টি দোকান রয়েছে। এর সঙ্গে ৯০০-এর বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ জড়িত। অথচ বাজারের আশপাশের ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে দোকান বসানোর কারণে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দারাও দুর্ভোগের শিকার হচ্ছেন।

তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা শুধু যানজট নিরসনের বিষয় নয়, এটি নাগরিক নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। সড়ক ও ফুটপাত দখল হয়ে থাকলে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হয়, একই সঙ্গে অপরাধীদের দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। সাম্প্রতিক সময়ে একটি নিষিদ্ধ গোষ্ঠীর সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

বাজারের ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন ও প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বাজার কমিটিকেও নিজস্ব জায়গা ও ব্যবস্থাপনার আওতায় ব্যবসায়ীদের বিকল্প সুযোগ তৈরিতে সহযোগিতা করতে হবে। ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের বিষয়টিও মানবিক ও বাস্তবসম্মতভাবে বিবেচনায় নিয়ে সমন্বিত সমাধান বের করতে হবে। পুনরায় যাতে ফুটপাত দখল না হয়, সে জন্য বাজার কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত তদারকির দায়িত্ব নিতে হবে।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হতে পারে না। বিএনপি, এনডিএম কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য অপরাধে জড়িত থাকলে তাঁকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ বা তথ্য তাকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কোনও অপরাধীকে রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না।

পরিদর্শনের পরবর্তী পর্যায়ে আগারগাঁও নতুন রাস্তা এবং শেরেবাংলা নগর থানার সামনের নগর বস্তি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। নগর বস্তি এলাকায় মাদককেন্দ্রিক অপরাধ এবং অ্যাম্বুলেন্স চলাচল ও ব্যবস্থাপনাকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগের বিষয়েও খোঁজখবর নেন তিনি। এসব সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।