গোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেনে সরকার সতর্ক: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা যাওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।

ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। সে কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে।

তিনি আরও বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়ে।

মন্ত্রী বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। একধরনের চাপ প্রয়োগ করেও তাদের রাজি করানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এ হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরা নিজেরাও যাচাই করতে পারবেন।

তিনি বলেন, এটি কোনও গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।

সূত্র: বাসস