প্রেমিকের মুক্তির দাবিতে মোবাইল টাওয়ারের চূড়ায় তরুণী

গ্রেফতার হওয়া প্রেমিককে পুলিশ হেফাজত থেকে মুক্তি দিতে হবে এবং তার সঙ্গেই বিয়ের ব্যবস্থা করতে হবে, এমন অদ্ভুত দাবিতে মোবাইল টাওয়ারের চূড়ায় চড়ে বসলেন এক তরুণী। ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় ঘণ্টা ধরে চললো চরম উত্তেজনা ও নাটক।

ধানবাদের শাহরিয়ার বাসিন্দা ওই তরুণীর নাম দেবন্তী কুমারী। স্থানীয় বাসিন্দারা জানান, দেবন্তী যে যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, তিনি বিবাহিত। সম্প্রতি নিমিয়াঘাট থানার পুলিশ একটি মামলায় ওই যুবককে গ্রেফতার করে। প্রেমিকের গ্রেফতারের খবর শুনে ক্ষোভে ও অভিমানে দেবন্তী সোজা একটি মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে পড়েন।

পুলিশ ও গ্রামবাসী বারবার অনুরোধ করলেও তিনি নিচে নামতে সাফ অস্বীকৃতি জানান। টাওয়ারের ওপর থেকেই দেবন্তী চিৎকার করে দাবি করতে থাকেন, অবিলম্বে তার প্রেমিককে ছেড়ে দিতে হবে এবং তার সঙ্গেই বিয়ের ব্যবস্থা করতে হবে। এই লঙ্কাকাণ্ড দেখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমে যায়।

গ্রাম-প্রধান আহমদ আলী জানান, ওই তরুণী দীর্ঘ সময় টাওয়ারের ওপর ছিলেন। পরে পুলিশ ও গ্রামবাসী বুঝিয়ে-সুঝিয়ে শান্ত করলে তিনি নিচে নেমে আসেন।  

নিমিয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) অঙ্কিত কুমার সিনহা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে বোঝানোর পর ওই তরুণীকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।

টানা দেড় ঘণ্টার নাটকীয়তা শেষে তরুণী নিচে নামলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যদের খবর দিয়ে থানায় আনা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে