অক্টোবর মাসের সেরা প্রতিবেদক যারা

(বাঁ থেকে) মাহমুদ মানজুর, শাহেদ শফিক, রাফসান জানি ও আরিফুল ইসলামবস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন লেখার জন্য অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের চার জন অক্টোবর মাসের সেরা প্রতিবেদক হয়েছেন। সর্বাধিক পঠিত, সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট ও মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে রবিবার (১৯ নভেম্বর) পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। এ সময় ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও প্ল্যানিং এডিটর নজরুল কবীর।

পুরস্কারপ্রাপ্তরা হলেন এন্টারটেইনমেন্ট ইনচার্জ মাহমুদ মানজুর, স্টাফ রিপোর্টার শাহেদ শফিক ও রাফসান জানি এবং কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম। এছাড়া সর্বাধিক পঠিত বিভাগে লেখক ও কলামিস্ট তসলিমা নাসরিনও পুরস্কৃত হয়েছেন। নির্বাচিতরা পাবেন নগদ অর্থ ও প্রশংসাপত্র। রবিবার বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়।

সেরা প্রতিবেদন বিভাগে ১৮ অক্টোবর প্রকাশিত এন্টারটেইনমেন্ট ইনচার্জ মাহমুদ মানজুরের লেখা গীতিকার-সুরকার-প্রযোজকদের উপেক্ষা করেন কণ্ঠশিল্পীরাই! ও ১৭ অক্টোবর প্রকাশিত স্টাফ রিপোর্টার শাহেদ শফিকের কতটা বাসযোগ্য ভাসানচর? শীর্ষক সিরিজ যৌথভাবে নির্বাচিত হয়েছে।

ব্রেকিং রিপোর্ট ক্যাটাগরিতে ২০ অক্টোবর প্রকাশিত স্টাফ রিপোর্টার রাফসান জানির ঢাবিতে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা! প্রতিবেদনটি পুরস্কারের জন্য নির্বাচিত হয়।

সেরা দেশ ক্যাটাগরিতে ১৬ অক্টোবর প্রকাশিত কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের কর্মকর্তারা পান উপহার, টাকার বিনিময়ে মেলে ইলিশ শিকারের অনুমতি প্রতিবেদনটি পুরস্কৃত হয়েছে।

সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে ডিয়ার শেখ হাসিনা কলামের জন্য পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট তসলিমা নাসরিন। এটি প্রকাশিত হয় গত ১৭ সেপ্টেম্বর।

কর্তৃপক্ষ গঠিত জুরি বোর্ড এবার বিবেচনার জন্য নির্বাচন করেন ১৫টি প্রতিবেদন। এগুলোর মধ্য থেকে পাঁচটি প্রতিবেদনকে সেরা হিসেবে ঘোষণা দেওয়া হয়। ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ ধরনের পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।