ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত শর্ত শিথিলতা সড়ক নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে: বিআইপি

সড়কে ভারী যানবাহনহালকা পরিবহনের জন্য লাইসেন্সধারী চালকদের মাঝারি এবং মাঝারি পরিবহনের জন্য লাইসেন্সধারী চালকদের ভারী যানবাহন চালানোর অনুমতি দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিচ্ছে তা সড়ক নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। প্রতিষ্ঠানটি বলছে- পরিবহন চালকদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত শর্ত শিথিলতার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যে উদ্যাগ নিয়েছে, তা সড়ক নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে।

রবিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানিয়েছে। এর আগে গত শনিবার ‘চালক সংকট ভারী পরিবহন চালানোর অনুমতি পাচ্ছেন মাঝারি লাইসেন্সধারীরা’  শিরোনামে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

বিআইপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে আমরা অবগত হয়েছি, পেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিদ্যমান শর্ত শিথিল করতে যাচ্ছে সরকার। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় হালকা পরিবহনের জন্য লাইসেন্সধারী চালকদের মাঝারি এবং মাঝারি পরিবহনের জন্য লাইসেন্সধারী চালকদের ভারী যানবাহন চালানোর অনুমতি দিতে যাচ্ছে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে চালক সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে একটি প্রজ্ঞাপন জারি করবে মর্মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র থেকে জানানো হয়েছে।