রাত পোহালেই সারাদেশে শুরু হবে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা। অথচ পরীক্ষার আগের রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে। কারা এসব পোস্ট করছে তা গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছে বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের কর্তকর্তারা বলছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের শূন্য শতাংশও সম্ভবনা নেই।’
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার জন্য প্রলোভন দেওয়া হচ্ছে।
Medical& University Admission Preparation (এডমিশন হেল্প ডেস্ক) নামের একটি ফেসবুক গ্রুপে জুয়েল হোসেন নামে একটি ফেসবুক আইডি থেকে রাত ৯টা ৩১ মিনিটে একটি পোস্ট দেওয়া হয়। এতে একটি ফোন নম্বর দিয়ে বলা হয়েছে, ‘মেডিকেল এডমিশনের প্রশ্ন লাগলে এখনই কল দাও।’ তার দেওয়া ফোন নম্বরে বেশ কয়েকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেনি।
‘SSC Question Out SSC EXAM 2018 SSC এসএসসি প্রশ্ন ফাস ২০১৮ HSC EXAM 2018 hsc’ নামে একটি ফেসবুক গ্রুপে আদনান জয় নামে একটি ফেসবুক আইডি থেকে রাত ১১টা ২৮ মিনিটে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘মেডিকেল পরিক্ষা রাত দুটা সময় দিতে পারবো। প্রশ্ন + উত্তর সহ। প্রশ্ন 70,000 পড়বে। 5,000 Advance। যারা নিবা ইনবক্সে যোগাযোগ করো তারাতারি। কথা কম কাজ বেশি, আর, অযথা কেউ ডিস্টার্ব করবে না।’ বিভিন্ন গ্রুপে বৃহস্পতিবার সারাদিনই একই ধরনের প্রলোভন দিয়ে পোস্ট করা হয়েছে।
‘PSC JSC SSC HSC Question, Suggestion, Tips, Help BDEducation24.Com’ নামে একটি ফেসবুক গ্রুপে আরকে রাকিব নামে একটি ফেসবুক আইডি থেকে রাত সাড়ে ১২টার দিকে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘Medical__Fact, বাটপারি করার কোন ইচ্ছে নেই আমার। মেডিকেল এর প্রশ্ন দিব ১০০% গ্যারান্টি। কথা যেমন কাজ তেমন। আর আমার স্টুডেন্ট দরকার ৫ জন। ইতিমধ্য ১৭ জনকে দিছি। যারা এডভান্স দিতে পারবা তারাই ইনবক্সে আসবা।’
আরকে রাকিব বিভিন্ন ফেসবুক গ্রুপে কয়েক মিনিট অন্তর প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দিয়ে পোস্ট দিচ্ছে।
তবে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁসের সম্ভাবনা নেই দাবি করেন স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ডা. আব্দুর রশীদ।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁস হওয়ার শূন্য শতাংশও সম্ভবনা নেই। আমরা শতভাগ নিশ্চিত ফাঁস হবে না। ফেসবুকে যেসব পোস্ট এসেছে সেগুলো আমাদের নজরে এসেছে। গোয়েন্দা সংস্থারও নজরে এসেছে। প্রশাসনের সঙ্গে দফায় দফায় আমাদের কথা হচ্ছে। কারা কোথা থেকে এ পোস্টগুলো দিচ্ছে তা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’
উল্লেখ্য, মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুক্রবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিন পরক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও কর্তব্য পালনকারী কর্মকর্তা- কর্মচারীরা মোবাইল ফোন বা কোনও ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ঘড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না।
স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।