বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ চুক্তির বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘হিজড়াদের আমাদের সমাজে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করা হয়। কিন্তু এদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে এরাও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে।’
সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর প্রতি কিছু সুপারিশ পেশ করা হয়েছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে, হিজড়া জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে সুস্পষ্ট ঘোষণা, কর্মসংস্থানের জন্য জাতীয় বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ, নারী-পুরুষের পাশাপাশি হিজড়া জনগোষ্ঠীকেও সমানভাবে মূল্যায়ন, জেলার হাসপাতালগুলোতে হিজড়াদের জন্য মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ, হিজড়াদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান চালু, হিজড়াদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা এবং বাংলাদেশের হিজড়াদের সঠিক তালিকা প্রকাশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারতের হাবিব ফাউন্ডেশনের চেয়ারম্যান জাবেদ হাবিব, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, মাহবুব হাসান প্রমুখ।