বিমান ও বিমানবন্দরকে পরিপাটি করা হবে: বিমান প্রতিমন্ত্রী





FB_IMG_1546947299780নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমান ও বিমানবন্দর একটি দেশের ড্রয়িং রুম ও গেটওয়ে, তাই এ দুটোকে দৃষ্টিনন্দন ও পরিপাটি করে তুলতে এবং বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী একেএম শাহজাহান কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক।
বিমানের নতুন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি প্রবাসী জাতীয় পতাকাবাহী বিমানে যাতায়াত করতে চান। বিমান কর্তৃপক্ষকে তাদের স্বাচ্ছন্দ্যে আসা-যাওয়ার ব্যবস্থা করতে হবে। বিদেশমুখী পর্যটকদের দেশমুখী করতে অগ্রাধিকারের ভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’
গতকাল সোমবার (৭ জানুয়ারি) শপথ নিয়েই প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে এলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান। এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, অতিরিক্ত সচিব মো. ইমরান, মিজানুর রহমান, মোকাব্বির হোসেন, বিপিসি’র চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, বিটিবি’র সিইও জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বিমানের এমডি এম মোসাদ্দিক আহমেদ, হিলের এমডি আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মাহবুব আলী একাদশ জাতীয় সংসনদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।