ডিসেম্বর ও জানুয়ারিতে সেরা প্রতিবেদক হলেন যারা

শফিকুল ইসলাম, সালমান তারেক শাকিল, চৌধুরী আকবর হোসেন, তাসকিনা ইয়াসমিন (ওপরে বাম থেকে ডানে)। ওয়ালিউল বিশ্বাস, মুনজের আহমেদ চৌধুরী, আব্দুল আজিজ ও মোহাম্মদ নূর উদ্দিন (নিচে বাম থেকে ডানে)

২০১৮ সালের ডিসেম্বর ও ২০১৯ সালের জানুয়ারি মাসে বাংলা ট্রিবিউনে প্রকাশিত সেরা প্রতিবেদনের জন্য প্রতিবেদকদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল রবিবার (৩ ফেব্রুয়ারি) সেরা প্রতিবেদকদের নাম ঘোষণা করেন। নির্বাচিত প্রত্যেক প্রতিবেদককে নগদ অর্থ ও একটি করে সনদ প্রদান করা হয়।

প্রসঙ্গত, বাংলা ট্রিবিউনে প্রতি মাসে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্য থেকে যাচাই বাছাই করে পাঁচটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদন নির্বাচিত করে থাকে জুরিবোর্ড। সেরা বিশেষ প্রতিবেদন, সর্বাধিক পঠিত, ব্রেকিং নিউজ, সারাদেশ ও আন্তর্জাতিক―এই পাঁচ ক্যাটাগরিতে প্রতিমাসে পুরস্কৃতদের নাম ঘোষণা করা হয়।

ডিসেম্বর সেরা প্রতিবেদক হলেন যারা

বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে নিজস্ব প্রতিবেদক তাসকিনা ইয়াসমিনের ‘ঢাকায় নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট মাত্র ২৬টি’ শিরোনামের প্রতিবেদনটি। 

এছাড়াও ডিসেম্বরে আন্তর্জাতিক ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের দিল্লি প্রতিনিধি রঞ্জন বসুর ‘ভারতীয় গবেষকদের রায়, উন্নয়নের প্রশ্নে বিএনপি আমল কোন তুলনাতেই আসবে না’  শিরোনামের প্রতিবেদনটি সেরা নির্বাচিত হয়।

নভেম্বর মাসে সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে সেরা প্রতিবেদন হিসেবে পুরস্কৃত হয়েছে ওয়ালিউল বিশ্বাসের ‘পত্রিকা পড়ে আমজাদ হোসেনের পরিবারকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী’  প্রতিবেদনটি।

জানুয়ারিতে সেরা প্রতিবেদক হলেন যারা

ডিসেম্বর মাসে সর্বাধিক পঠিত প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম। তার ‘প্রধানমন্ত্রী বললেন, আর হয়তো দেখা হবে না’  প্রতিবেদনটি সর্বাধিক পঠিত হয়েছে।

সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক চৌধুরী আকবর হোসেন। তার ‘ওলামা লীগ চালান কারা’ শিরোনামের প্রতিবেদনটি সেরা নির্বাচিত হয়।

ব্রেকিং ক্যাটাগরিতে কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের ‘আমার স্বামী ইয়াবা ব্যবসায়ী প্রমাণ নেই: বদিপত্নী’ শিরোনামের প্রতিবেদনটি সেরা নির্বাচিত হয়েছে।

সারাদেশ ক্যাটাগরিতে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে হবিগঞ্জের মোহাম্মদ নূর উদ্দিনের ‘৩১ লাখ টাকার কাজ ৩১ ঘণ্টাও টিকলো না!’  প্রতিবেদনটি ।

জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্যাটাগরির জন্য পুরস্কার পেয়েছেন লন্ডন প্রতিনিধি মুনজের আহমেদ চৌধুরী। ১৮ জানুয়ারি বাংলা ট্রিবিউনে প্রকাশিত তার ‘ব্রিটিশ বাংলাদেশিদের বিয়েতে ব্যয়ের প্রতিযোগিতায় ভাঙছে সংসার’ শিরোনামের প্রতিবেদনটির জন্য পুরস্কৃত হয়েছেন তিনি। 

‘ধানের শীষ প্রতীক পেতে বিএনপিকে চাপ দিয়েছিল জামায়াত?’ শিরোনোমের প্রতিবেদনের জন্য বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক সালমান তারেক শাকিল এডিটর্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন।