রুট প্ল্যানের বিষয়ে জানতে চাইলে বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘এখনও কোনও রুট প্ল্যান করা হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে উড়োজাহাজটির নিবন্ধন, পরিদর্শন সংক্রান্ত কিছু কার্যক্রম এখনও বাকি আছে। সেগুলো সম্পন্ন হলে রুট প্ল্যান করা হবে।’
জানা গেছে, উড়োজাহাজটি আনতে যুক্তরাষ্ট্রে বোয়িংয়ের অফিসে গিয়েছিলেন বিমানের পরিকল্পনা বিভাগের পরিচালক মাহবুব জাহান খানের নেতৃত্বে ২৪ জনের একটি প্রতিনিধি দল। এ দলে রয়েছেন, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, বিমান পরিচালনা পর্ষদের দু’জন সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা, বিমানের ফ্লাইট সার্ভিস থেকে পাঁচ জন, ফ্লাইট অপারেশন থেকে তিন জন ও ইঞ্জিনিয়ার বিভাগের ছয় জন প্রতিনিধি।