প্রধান শিক্ষকের দশম ও সহকারী শিক্ষকের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি




প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবাদ সম্মেলনপ্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম এ দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আন্দোলন সংগ্রাম ও দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ২০১৪ সালের ৯ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করেন। তখন তিনি সহকারী শিক্ষকদের স্কেল আরও বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর ঘোষণার তিন বছর পার হলেও আমলাতান্ত্রিক জটিলতায় সহকারী শিক্ষকদের বেতন স্কেল বাড়েনি ও পদমর্যাদার সুবিধা পাচ্ছেন না প্রধান শিক্ষকরা। আমরা দ্রুত শিক্ষকদের দশম ও ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলন থেকে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আতিকুর রহমান আতিক, প্রধান উপদেষ্টা আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।