শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে আর্থিক সহায়তার জন্য ‘কনসার্ট ফর উষ্ণতা’ ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অমৃতসূর্য’ ও ‘বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল’ । বুধবার (৮ জানুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের শিকার সেই শিক্ষার্থীকে উৎসর্গ করেছে তারা। স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি এস এম আশেক উল্লাহ সোপানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডাকসুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য প্রোগ্রামের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনসহ কয়েকটি গণমাধ্যম।
জানা যায়, ‘কনসার্ট ফর উষ্ণতা’র ব্যানারে অনুষ্ঠানে থাকছে আর্বোভাইরাস, জলের গান, অ্যাশেজ, জয় শাহরিয়ার, সাজ্জাদ পারভেজ, শহরতলী, দূরবীন, দৃক, কুঁড়েঘর, হ্যামেরন, হযবরল, জহুরীসহ দেশের মোট ১৩টি ব্যান্ড দল। কনসার্টের টিকিট মূল্য ধরা হয়েছে ২০০ টাকা অথবা ১টি কম্বল। এই টিকেটের মূল্য ব্যয় হবে শীতার্তদের কম্বল বিতরণের উদ্দেশ্যে।
কনসার্টের আহ্বায়ক এবং ডাকসু’র সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ‘অসহায় শীতার্ত মানুষের জন্য এই কনসার্ট একটি প্রতীকী আন্দোলনস্বরূপ। এর মধ্য দিয়ে আমরা কিছু মানুষকে উষ্ণতা হয়তো দিতে পারবো। কিন্তু সারা দেশের অসহায় শীতার্ত মানুষকে সহায়তার জন্য ব্যক্তিগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।’
‘কনসার্ট ফর উষ্ণতা’ আয়োজন উপ-কমিটির সদস্য সচিব এস এম আশেক উল্লাহ সোপান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গত রবিবার রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হয়, যার জন্য পুরো বিশ্ববিদ্যালয় আজ প্রতিবাদে সোচ্চার। এই কনসার্টটি নিপীড়নের শিকার সেই শিক্ষার্থীকে উৎসর্গ করা হলো।’