ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, এই সিটিতে সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণত ওর্য়াডে ১১১ জনসহ মোট ১২৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে এই সিটিতে মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫১ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জনসহ তিন পদে ৩৩৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলো বলেও জানান তিনি।
আবুল কাসেম বলেন, ‘যারা বৈধ হলেন আগামীকাল শুক্রবার তাদের প্রতীক বরাদ্দ করবো। এরপর থেকে তারা প্রচারণা চালাতে পারবেন।’
তিনি বলেন, ‘তারা (প্রার্থীরা) যেন আচরণবিধি মেনে চলেন। যদি কেউ মেনে না চলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন যে উৎসব, সেটি যেন সংঘর্ষে রূপ না নেয় সে জন্য আমরা বদ্ধপরিকর।’
ডিএনসিসির মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।
এদিকে ডিএসসিসিতে মোট ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে সংরক্ষিত আসনে ২০ জন এবং সাধারণত ওয়ার্ডে ১২৫ জন।
প্রত্যাহারের পর ডিএসসিসিতে সাধারণ প্রার্থী ৩৩৫ জন এবং সংরক্ষিত আসনে ৮২ জন প্রতিদ্বন্দ্বী থাকলেন।
আগামী ৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে ভোট নেওয়া হবে।