মেয়র নির্বাচিত হলে বাসযোগ্য নগর গড়ে তুলবো: ইশরাক

মেয়র প্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে বাসযোগ্য নগর গড়ে তুলবো।’ দুর্নীতি থেকে পরিত্রাণের জন্য নগরবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে কমলাপুর রেলস্টেশনে গণসংযোগে তিনি এ কথা বলেন। রাজধানীকে দূষণ থেকে বাঁচাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৩ বছরে ঢাকা বিশ্বে দূষিত শহরের তালিকায় প্রথম সারিতে অবস্থান করে নিয়েছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন−বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।