স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচনি মাঠে ৭৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করবেন। এরমধ্যে ঢাকা উত্তরে ২৭ প্লাটুন ও দক্ষিণে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য ভোটের মাঠের নিরাপত্তায় কাজ করবেন।
বিজিবি সদর দফতরের মুখপাত্র জানান, নির্দেশনা অনুযায়ী বিজিবি নির্বাচনি মাঠে তাদের কাজ শুরু করেছে। মোট ৭৫ প্লাটুন বিজিবি নির্বাচনি মাঠে থাকবে। এরমধ্যে ৬৫ প্লাটুন টহল ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করবে। ১০ প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ রাখা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করবে বিজিবি। এই নির্বাচনে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেলের নেতৃত্ব দিচ্ছেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ হাজার সদস্য মাঠে থাকবেন।