শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মুজিববর্ষের প্রথম দিন আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে ১০০টি পায়রা অবমুক্ত ও ১০০টি বেলুন উড়িয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন টুঙ্গিপাড়ায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করবে। এ অনুষ্ঠানে থাকবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের লেখা নিয়ে বিশেষ প্রকাশনা ও বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু সম্পর্কিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরা ১০০টি রচনার সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এই অনুষ্ঠানে মেধাবী শিশুদের মাঝে ১০০টি ল্যাপটপ বিতরণ করা হবে।
সাংস্কৃতিক পর্বে থাকবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, কাব্যনৃত্যগীতি আলেখ্যানুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই মেলার উদ্বোধন এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারসহ সভায় রাষ্ট্রপতির কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর, ঢাকার বিভাগীয় কমিশনার, গোপালগঞ্জের জেলা প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি সূত্রে জানা গেছে, মুজিব বর্ষের প্রথম দিন বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দুই লাখ মানুষের অংশ গ্রহণের মধ্য দিয়ে ১৭ মার্চ থেকে মুজিববর্ষের মূল অনুষ্ঠান শুরু হবে। মুজিববর্ষের প্রথম দিন ১৭ মার্চ প্রথম পর্বে আলোচনা ও শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।