কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন করবে না মালয়েশিয়ার পুলিশ। তাই তাকে আগামী সপ্তাহে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সেদেশের অভিবাসন বিভাগ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা এবং সেলভারাজ চিন্নিয়াহ।
রায়হানের আইনজীবীরা জানান, মালয়েশিয়ার পুলিশ রায়হান কবিরের বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন করেনি। তাকে শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে।
মালয়শিয়ায় একটি নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, আগামী সপ্তাহে রায়হানকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সেদেশের অভিবাসন বিভাগ। দেশে পাঠানোর আগে তার করোনা পরীক্ষা করা হবে এবং টিকিট প্রাপ্তি সাপেক্ষে দ্রুত তাকে দেশে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ৩ জুলাই ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আলজাজিরা টেলিভিশন। এতে দেখানো হয়—মালয়েশিয়া সরকার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)-এর মাধ্যমে মহামারির সময়ে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। সেখানে রায়হান কবিরের একটি ইন্টারভিউ সম্প্রচারিত হলে সে দেশের অভিবাসন বিভাগ তাকে হন্য হয়ে খোঁজা শুরু করে। তার ছবি প্রকাশ করে তারা রায়হানের বিষয়ে তথ্য জানানোর অনুরোধ করে। এছাড়া প্রতিবেদনের সঙ্গে আলজাজিরার সংশ্লিষ্ট কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করে তারা। এরপর ২৪ জুলাই রায়হান কবিরকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। গ্রেফতারের পর সে দেশের দুই জন আইনজীবী তার সঙ্গে দেখা করার অনুমতি চান পুলিশের কাছে। কিন্তু প্রথমে অনুমতি না পেলেও পরে অনুমতি পান তারা। রায়হান আইনজীবীদের জানান, তিনি যা দেখেছেন তা-ই বলেছেন। এতে যদি সেদেশের সরকার বা কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তিনি তার জন্য ক্ষমাপ্রার্থী। এ সময় রায়হান কবির ওই আইনজীবীদের কাছে দ্রুত দেশের ফেরার আগ্রহ প্রকাশ করেন।