ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থেকে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব বলছে, সাইবার মনিটরিং টিম ফেসবুকে ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া কয়েকটি ফেসবুক আইডি শনাক্তও করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার।
তিনি বলেন, ‘সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে সচেতন নাগরিকসহ যুবসমাজ প্রতিবাদ করে যাচ্ছে। চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কয়েক ব্যক্তি ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।
র্যাব-১ জানায়, Sheikh Mohd Sharaf Nawar নামের একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণে উদ্বুদ্ধ করার জন্য উসকানিমূলক পোস্ট দেয়। পোস্টগুলো ভাইরাল হয়ে যায়।
র্যাব কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ‘রাতে রাজধানীর খিলক্ষেতের বাংলা খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে নাওয়ারকে আটক করা হয়।’
তিনি জানান, জিজ্ঞাসাবাদে নাওয়ার জানায় যে, ফেসবুকে ধর্ষণকারীদের উসকে দিতে বিভিন্ন পোস্ট করে দ্রুত সময়ে ফেসবুক সেলিব্রেটি হওয়ার আশায় সে এ ধরনের পোস্ট দেয়। সে মোহাম্মদপুর এলাকার স্থানীয় কিশোর গ্যাং এর সঙ্গে জড়িত বলে জানায় র্যাব।