মৌলবাদীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান

received_3854498771251241সাম্প্রদায়িক অপশক্তি, মৌলবাদী গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ ) উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিকালে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘১৯৭১ সালে যে সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা তাই প্রমাণ করে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর বিরোধিতা মানে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিরোধিতা। তাই এই সাম্প্রদায়িক অপশক্তি, মৌলবাদী গোষ্ঠীকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং তাদের সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান, প্রোগ্রামার অনিত কুমার রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।