করোনার ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মহাপরিচালক ও পরিচালক, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালকসহ শীর্ষ ১১ কর্মকর্তা রবিবার (৭ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন নিয়েছেন। রাজধানীর নিউরো সাইন্স ইনস্টিটিউটে আজ দুপুরে তারা ভ্যাকসিন গ্রহণ করেন।

আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন বিষয়টি বাংলা ট্রিবিউন নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১১ জন কর্মকর্তা নিউরোসায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছেন। সবাই ভাল আছেন, সুস্থ আছেন। সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

ভ্যাকসিন গ্রহণকারী কর্মকর্তারা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল মুজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক জোবাইদা নাসরীন, আজিজুর রহমান, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন, পরিচালক জহুরুল ইসলাম, কার্যালয়ের সচিব এর একান্ত সচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান প্রমুখ।