মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে দায়েরকৃত মামলার এজহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (৯ মে) দুপুরে র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
খন্দকার আল মঈন বলেন, ‘স্পিডবোট দুর্ঘটনার পর যে মামলা হয়েছে সেটির ছায়া তদন্ত শুরু করে র্যাব। মামলার অন্যতম এজাহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান্দু ঘটনার পর পলাতক ছিল। শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে র্যাব গ্রেফতার করে।’
প্রসঙ্গত, গত ৩ মে সকালে মাদারীপুরের শিবচরে পুরাতন কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে স্পিডবোটের সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে ২৬ জন নিহত হয়। ওই ঘটনায় সোমবার দিবাগত রাতের চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে চার জনকে অভিযুক্ত করে মামলা করেন।