ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সেন্টার ফর এন্টারপ্রাইস অ্যান্ড সোসাইটি এর পরিচালক ও সহযোগী অধ্যাপক সাজিদ অমিত বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে যারা লাভ করছে তারা অনৈতিক কাজ করছে। উচ্চ শিক্ষায় আয়কর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বাংলা ট্রিবিউন আয়োজিত ‘উচ্চ শিক্ষায় আয় কর’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন সহযোগী অধ্যাপক সাজিদ অমিত।
তিনি বলেন, বাংলাদেশে ১০০টি প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। এরা সবাই প্রণোদনা থেকে বঞ্চিত। উপরন্তু আয়করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা চাই আমাদের দেশে অনেক রিসার্চ হোক। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে, আমাদের এই বাজেট ব্যবসা বান্ধব বাজেট।
‘উচ্চ শিক্ষায় আয় কর’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিটিতে মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন এনবিআর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, ইস্টার্ন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য্য ও সেন্টার ফর এন্টারপ্রাইস অ্যান্ড সোসাইটি, ইউল্যাবের পরিচালক সাজিদ অমিত।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাবের) সহযোগিতায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। এছাড়া বাংলা ট্রিবিউন ও ইউল্যাব এবং এটিএন নিউজের ফেসবুক পেইজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈঠকি।