রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা শরিফুল ইসলাম রাজ, খাইরুল বাশার ও লাক্সতারকা নাজিফা তুষি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের শরীরে তেমন গুরুতর কোনও আঘাত লাগেনি। আর দুর্ঘটনায় আহত অন্য দুজন এখনও আইসিইউতে আছেন। তাদের সিটি স্ক্যান রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান এভিনিউতে ব্যক্তিগত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। আহতদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
পরে জানা যায়, দুর্ঘটনা কবলিত গাড়িটিতে লাক্সতারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল ইসলাম রাজ, খাইরুল বাশার, জোনায়েদ বোগদাদি এবং শরিফুল রাজের বন্ধু নাফিজ মোহাম্মদ ইসমাইল ছিলেন।
এদের মধ্যে জোনায়েদ এবং নাফিজকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। তারা দুজন প্রফেসর এস এস আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানিয়েছে, এই দুজনের মাথায় আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সিটি স্ক্যান করা হয়েছে। আঘাত কতটা গুরুতর, রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
অন্য তিনজন নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ ও খাইরুল বাশার খুব বেশি আঘাত পাননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই তিনজনকে কেবিনে রাখা হয়েছে। তারা প্রফেসর রেজাউল করিমের (অর্থোপেডিক্স) তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শরিফুল ইসলাম রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাশার ব্যাপক আলোচনায় রয়েছেন।
আরও পড়ুন: