‘অনলাইন শিক্ষকতা অভিভাবকদেরও দেখার সুযোগ রয়েছে’

বাসা থেকে যুক্ত হওয়ার ফলে শিক্ষকরা কী পড়াচ্ছেন তা অভিভাবকদেরও দেখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট সোহেল আহমেদ। মঙ্গলবার (৩১ আগস্ট) ‘অন থেকে অফলাইনে ফেরা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারা পাঠদান করছি, শিক্ষার্থীরা বাসা থেকে যারা যুক্ত হচ্ছেন তাদের অভিভাবকরা কিন্তু দেখছেন, শিক্ষকদের দেখার সুযোগ হচ্ছে। শিক্ষকরা কীভাবে পড়াচ্ছেন কেমন পড়াচ্ছেন অভিভাবকরা কাছ থেকে দেখতে পারছেন। সুতরাং এখানে অবশ্যই একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা অফলাইনে সম্ভব ছিল না। অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ে এসে দেখার সুযোগ ছিল না। শিক্ষকরা কেমন শিক্ষকতা করছেন সেটা অনেক অভিভাবকেরই দেখার সুযোগ হয়েছে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে বৈঠকিতে মুন্নী সাহার সঞ্চালনায় আরও অংশ নেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার,ইউনিভার্সটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া রহমান এবং ইউল্যাবের শিক্ষার্থী তানজিলা জামান মুন্নী। 

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হয়।