ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্য শালীনতা বহির্ভূত বলে অভিযোগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ‘কারও অনুপস্থিতিতে তার বিষয়ে মন্তব্য করা উচিত নয়’ উল্লেখ করে সিইসি বলেন, ‘উনি প্রায়ই আপনাদের আমন্ত্রণ জানিয়ে এভাবে সংবাদ সম্মেলন করে থাকেন। কেন করেন, কী কারণে করেন- তা জিজ্ঞাসাও করি না, তার কাছে জানতেও চাই না। তবে তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন সেগুলো শালীনতা বহির্ভূত।
সোমবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কথা বলেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রবিবার (১৪ নভেম্বর) তার কার্যালয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘নির্বাচন এখন আইসিইউ-তে। এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে।’
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন আসলে জবাব দেন সিইসি। তিনি আরও বলেন, যে কোনও বৈঠকের আগে আমরা সবাই হোমওয়ার্ক করে যাই। কী বলবো, তা চিন্তাভবনা করে যাই। মাহবুব সাহেব কিন্তু চিন্তাভাবনা করে যান না। তবে তিনি একটি শব্দ চয়ন করার জন্য সাত থেকে আট দিন ব্যয় করেন— যে শব্দটা দিলে (বললে) আপনারা আমাকে এরকম প্রশ্ন করবেন; যেমন আইসিইউ। তিনি অনেক ঘেঁটে এই শব্দগুলো বের করে একদিন আপনাদের সামনে ছেড়ে দেন, এটা হলো তার পছন্দ। এটা করলে তো আমাদের কিছু করার নেই। আমাদের কমিশনাররা তাকে বার বার বলেছেন আমরা একসাথে কাজ করি। আমাদের কাজ হলো কীভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। মানুষের আশা আকাঙ্খার পূরণ করা যায় তা দেখা উচিত। কিন্তু তিনি প্রথম থেকেই এটা করে আসছেন। একজন মাননীয় কমিশনার; উনিতো যে কোনও কথা বলতে পারেন। এক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে থেকে নির্বাচন কীভাবে সফল করা যায়। কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে... উনি তো বলেন। এক্ষেত্রে আমার কিছু বলার নেই। স্থানীয় সরকার নির্বাচনে যেখানে ৭৪ শতাংশ ভোট (কাস্ট) হয় সেই নির্বাচন নিয়ে ‘দেশে নির্বাচন নেই’, ‘নির্বাচনের পরিবেশ নেই’, ‘মানুষ নির্বাচনের কালচার থেকে সরে গেছে’; এটা তো হতে পারে না। আমি এটা বিশ্বাসও করি না।
তবে ‘ব্যক্তিগতভাবে মাহবুব তালুকদারের সঙ্গে তার কোনও দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি নেই’ বলেও মন্তব্য করেন সিইসি।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন, ইসি সচিব মো হুমায়ুন কবীর খন্দকার।