‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল’ পাসের সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। বুধবার (২২ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিলটির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনপূর্বক রিপোর্ট প্রণয়নের সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর ২০২১’ সংসদে উত্থাপন করেন। পরে তা রিপোর্ট পেশের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
সংসদে উত্থাপিত বিলে বলা হয়েছে, পিরোজপুর সদরে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করা যাবে।
অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ আইন করা হচ্ছে।
খসড়া আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি চার বছর মেয়াদের জন্য দুই জন উপ-উপাচর্য নিয়োগ করবেন। যাদের একজন অ্যাকাডেমিক এবং আরেকজন প্রশাসনিক কার্যক্রম দেখবেন।
কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের অনুপস্থিতিতে কমিটি সদস্য এম এ মতিন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং গোলাম কিবরিয়া টিপু অংশগ্রহণ করেন।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থার প্রধাণসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।