রাতে তাপমাত্রা কমতে পারে 

তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ এখন আর নেই বললে চলে। তবে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়,  সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৫.১, ময়মনসিংহে ১৩ দশমিক ৫, চট্টগ্রামে ১৪ দশমিক ৭, সিলেটে ১৪ দশমিক ২, রাজশাহীতে ১১ দশমিক ৮,  রংপুরে ১২ দশমিক ৮,  খুলনায় ১৪ দশমিক ৫ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।