বিভিন্ন পাবলিক পরীক্ষার জাল সনদ তৈরি করতো শহিদুল ইসলাম (৪৭)। রাজধানীর মিরপুরের একটি কম্পিউটারের দোকানে বসেই বানাতো বিআরটিএর প্রাপ্তি রশিদ ও টিন সনদ। অবশেষে সে গ্রেফতার হয়েছে র্যাবের হাতে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় পাবলিক পরীক্ষার তিনটি জাল সার্টিফিকেট, বিআরটিএর জাল প্রাপ্তি রশিদ, জাল টিন সনদ, একটি ল্যাপটপ ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি।
র্যাব ৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত শহিদুল দীর্ঘদিন ধরে মিরপুর অনুবাদ কম্পিউটার নামে একটি দোকান খুলে জাল সনদের ব্যবসা চালিয়ে আসছিল। এগুলো সে বিক্রি করতো মোটা অঙ্কের বিনিময়ে। তাকে জিজ্ঞাসাবাদে এতে জড়িত অনেকের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে র্যাব।