কক্সবাজারে হোটেল নির্মাণে এসটিপি বাধ্যতামূলক করার সুপারিশ

পর্যটন নগরী কক্সবাজারে হোটেল-মোটেল নির্মাণে এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট) স্থাপন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এসটিপি‘র ওপর থেকে  ট্যাক্স  কমাতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিতে বলেছে কমিটি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি এসটিপির ওপর ট্যাক্স কমানোর লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো এবং কক্সবাজারে হোটেল নির্মাণে এসটিপি স্থাপন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে।

কমিটি চট্টগ্রাম নগরীতে চীনের নিজস্ব অর্থায়নে মেট্রোরেল প্রকল্প করার বিনিময়ে সাগর উপকূলে ৬০ বর্গ কিলোমিটার জায়গায় চীন ও বাংলাদেশের অংশীদারিত্বে চীন যে ‘স্মার্ট সিটি’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ ককরা হয়।

বৈঠকে রাজউক মালিকানাধীন রাজধানীর উত্তরায় বাণিজ্যিক প্লট পুনরুদ্ধারের পর দ্রুততার সঙ্গে ডিপিপি প্রণয়ন করে নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে মতিঝিলে সরকারি কলোনির ‘আইডিয়াল জোন’ এবং ‘আল হেলাল জোনে’ ২৫ তলা ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এদিকে বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, চীনা রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রস্তাবিত আশুলিয়া ও তুরাগ নদের বন্যা প্রবাহ এলাকা, জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশিপ উন্নয়ন প্রকল্প এবং কেরানীগঞ্জে ‘ওয়াটারফ্রন্ট স্মার্ট সিটি’ প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডি রিপোর্ট মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদনের পর ডিপিপি প্রণয়ন করে দ্রুত বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন,  মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান এবং ফরিদা খানম অংশগ্রহণ করেন।