চেন্নাই ও মালেতে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ১৬ মার্চ থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সপ্তাহে তিন দিনের পরিবর্তে চার দিন ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে ইউএস বাংলা।
ইউএস বাংলা জানিয়েছে, বর্তমানে চেন্নাই ও মালেতে অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। চেন্নাই ও মালেতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। চেন্নাই ও মালে ছাড়াও আন্তর্জাতিক রুট কলকাতা, শারজাহ, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে তারা। এছাড়া কলম্বো, দিল্লি, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির।